উন্নত চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে নিবিড় ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর […]
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে নিবিড় ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় মঙ্গলবার তাকে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে সম্পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পেতে এখন তাকে নিয়মিত ও নিবিড় ফিজিওথেরাপির মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে উন্নত পুনর্বাসন সেবা নিশ্চিত করতেই তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শারীরিক জটিলতা বাড়তে থাকায় ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সেখানে প্রায় এক মাস চিকিৎসা শেষে তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শারীরিক পুনর্বাসনের এই ধাপ সফলভাবে শেষ হলে তিনি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞ মির্জা আব্বাস সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়ী হন। বর্তমানে সংসদ সদস্যের দায়িত্বের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।