এআই ফিচার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে আইফোন ব্যবহারকারীদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। একাধিক ক্লাস-অ্যাকশন মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি মোট ২৫০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে। অভিযোগে বলা হয়, আইফোন ১৬ সিরিজ উন্মোচনের সময় অ্যাপল যেসব উন্নত এআই সুবিধা—বিশেষ করে নতুন সিরি ফিচার—প্রচার করেছিল, তার অনেকগুলোই ডিভাইস বাজারে আসার সময় প্রস্তুত […]
ফাইল ছবি
এআই ফিচার সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে আইফোন ব্যবহারকারীদের বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। একাধিক ক্লাস-অ্যাকশন মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি মোট ২৫০ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে।
অভিযোগে বলা হয়, আইফোন ১৬ সিরিজ উন্মোচনের সময় অ্যাপল যেসব উন্নত এআই সুবিধা—বিশেষ করে নতুন সিরি ফিচার—প্রচার করেছিল, তার অনেকগুলোই ডিভাইস বাজারে আসার সময় প্রস্তুত ছিল না। ফলে এসব প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে অনেক গ্রাহক ফোন কিনে বিভ্রান্ত হয়েছেন।
তবে এই সমঝোতার মাধ্যমে অ্যাপল কোনো ধরনের দায় স্বীকার করেনি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টির দ্রুত নিষ্পত্তি করে তারা পণ্য উন্নয়ন ও উদ্ভাবনে আরও মনোযোগ দিতে চায়।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে আইফোন ১৬ সিরিজ, আইফোন ১৬ই, আইফোন ১৫ প্রো বা আইফোন ১৫ প্রো ম্যাক্স কেনা গ্রাহকরা এই ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন।
প্রাথমিকভাবে প্রতি ডিভাইসের জন্য ২৫ ডলার ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা থাকলেও, আবেদনকারীর সংখ্যার ওপর নির্ভর করে এই অর্থ সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত হতে পারে।
অ্যাপল ইনটেলিজেন্স আংশিকভাবে ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু হলেও প্রতিশ্রুত কিছু উন্নত সিরি সুবিধা এখনো পুরোপুরি চালু হয়নি। ধারণা করা হচ্ছে, এসব ফিচারের পূর্ণাঙ্গ সংস্করণ ২০২৬ সালের শেষ নাগাদ উন্মুক্ত হতে পারে।
এদিকে অ্যাপল জানিয়েছে, ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বাকি ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে যুক্ত করা হবে।