হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত […]
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন নেতা শহরের সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন।
পরে তারা কিছু সময় ব্যাংকের ভেতরে অবস্থান করেন। রাত প্রায় ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিরাপদে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।
এনসিপির দাবি, হামলায় জেলা সদস্যসচিব মাহবুবুর রহমান মুবিনসহ দলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। কারও হাত ভেঙেছে, কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একজনের চোখেও গুরুতর ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। হামলায় তাদের ব্যবহৃত কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
জেলা এনসিপির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থানা মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
অন্যদিকে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনায় ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তার দাবি, কোনো বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ কিছু মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছে, তবে এর সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
সারজিস আলম বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও তাদের ওপর আবার হামলার চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, দলের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাটি ছিল পরিকল্পিত।
ঘটনার বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা আজমিরীগঞ্জ উপজেলায় জুলাই জাগরণ পদযাত্রায় অংশ নেন। পরে বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সার্কিট হাউসে ফেরার পথে উত্তেজনার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে এবং পরে অবরুদ্ধ নেতাদের নিরাপদে সরিয়ে নেয়।