যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও নানা প্রতিকূলতার মধ্যেও কোরআন মুখস্থ করার শিক্ষা অব্যাহত রেখেছেন গাজার বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন […]
ছবি: সংগৃহীত
যুদ্ধের ধ্বংসযজ্ঞ, বাস্তুচ্যুতি ও নানা প্রতিকূলতার মধ্যেও কোরআন মুখস্থ করার শিক্ষা অব্যাহত রেখেছেন গাজার বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জাতীয় কোরআন হিফজ পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজা নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। আলজেরিয়ার দাতব্য সংস্থা জমিয়তুল বারাকার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে গাজার বিভিন্ন বয়সী হাফেজ ও হাফেজাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কোরআন পদযাত্রা। হাতে পবিত্র কোরআনের কপি নিয়ে তাঁরা নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করেন। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশ দিয়ে তাঁদের এই পদযাত্রা কোরআন শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়ের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় শিক্ষা বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ সালেম মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কোরআন ও সুন্নাহ বিভাগের মহাপরিচালক ড. মুহাম্মদ আল-গালবান, আলজেরিয়ার জমিয়তুল বারাকার সভাপতি শাদি জেনিনা, সহসভাপতি হাতেম আল-ইয়াজিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে ড. মুহাম্মদ সালেম বলেন, এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দেওয়া কেবল একটি সম্মাননা অনুষ্ঠান নয়; বরং এটি ধৈর্য, অধ্যবসায় ও ঈমানি প্রচেষ্টার এক হাজার গল্পের উদ্যাপন। নানা প্রতিকূলতা ও কঠিন চ্যালেঞ্জের মধ্যেও ফিলিস্তিনে কোরআনের শিক্ষা ও সংরক্ষণের কার্যক্রম অব্যাহত থাকার প্রমাণ এই অর্জন।
হাফেজ-হাফেজাদের উদ্দেশে তিনি বলেন, কোরআন মুখস্থ করাই যেন তাঁদের পথচলার শেষ না হয়; বরং এটি হওয়া উচিত নতুন যাত্রার সূচনা। কোরআনের আয়াতের অর্থ বোঝা, তা অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সন্তানদের কোরআনচর্চা অব্যাহত রাখতে অভিভাবকদেরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ ও হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাঁদের পরিবার-পরিজন ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়।
যুদ্ধের কারণে গাজার মানুষের স্বাভাবিক জীবন ও শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হলেও এই আয়োজন কোরআন শিক্ষা ও ধর্মীয় চর্চা ধরে রাখার প্রচেষ্টাকে সামনে এনেছে।
সূত্র: মিল্লাত টাইমস উর্দু