জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি। ইসলামের দৃষ্টিতে জাকাত শুধু আর্থিক ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি, সম্পদের বরকত এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ যেমন পবিত্র হয়, তেমনি মানুষের হৃদয় থেকেও লোভ ও কৃপণতা দূর হয়। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে নামাজের পাশাপাশি বহু স্থানে জাকাত […]
ছবি: সংগৃহীত
জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি। ইসলামের দৃষ্টিতে জাকাত শুধু আর্থিক ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধি, সম্পদের বরকত এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ যেমন পবিত্র হয়, তেমনি মানুষের হৃদয় থেকেও লোভ ও কৃপণতা দূর হয়।
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো জাকাত। পবিত্র কোরআনে নামাজের পাশাপাশি বহু স্থানে জাকাত আদায়ের নির্দেশ এসেছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮২ বার জাকাতের কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে ‘জাকাত’ শব্দ ব্যবহৃত হয়েছে ৩০ বার, ‘ইনফাক’ ৪৩ বার এবং ‘সদকা’ ৯ বার। এতে বোঝা যায়, ইসলামে জাকাতের গুরুত্ব কতটা অপরিসীম।
জাকাতের সংজ্ঞা
ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শরিয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত আট শ্রেণির প্রাপকদের মধ্যে দান করে তাদের মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলা হয়।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন—
اِنَّمَا الصَّدَقٰتُ لِلۡفُقَرَآءِ وَ الۡمَسٰكِیۡنِ وَ الۡعٰمِلِیۡنَ عَلَیۡهَا وَ الۡمُؤَلَّفَۃِ قُلُوۡبُهُمۡ وَ فِی الرِّقَابِ وَ الۡغٰرِمِیۡنَ وَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ ابۡنِ السَّبِیۡلِ ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَلِیۡمٌ حَكِیۡمٌ
অর্থ: নিশ্চয়ই সদকা (জাকাত) নির্ধারিত ফকির, মিসকিন, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, দাস মুক্তির কাজে, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা বিধান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সুরা তাওবা: ৬০)
জাকাত ফরজ হওয়ার শর্ত
নিম্নোক্ত শর্তগুলো পূরণ হলে কোনো মুসলমানের ওপর জাকাত ফরজ হয়—
১. মুসলিম, স্বাধীন ও পূর্ণবয়স্ক হতে হবে।
২. সম্পদের ওপর পূর্ণ মালিকানা থাকতে হবে।
৩. সম্পদ বর্ধনশীল বা বৃদ্ধি পাওয়ার যোগ্য হতে হবে।
৪. মৌলিক প্রয়োজন পূরণের পর নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে।
৫. ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকতে হবে।
৬. নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর মালিকানায় থাকতে হবে।
জাকাতের নিসাব কত?
জাকাত ফরজ হওয়ার সর্বনিম্ন পরিমাণ সম্পদকে নিসাব বলা হয়। শরিয়ত অনুযায়ী নিসাব নির্ধারিত হয়েছে—
সাড়ে ৭ ভরি সোনা অথবা
সাড়ে ৫২ ভরি রুপা
যদি কারো কাছে এই পরিমাণ সোনা বা রুপা না থাকে, কিন্তু নগদ টাকা, ব্যবসায়িক পণ্য ও অন্যান্য সম্পদ মিলিয়ে সাড়ে ৫২ ভরি রুপার সমমূল্য হয়, তাহলেও তার ওপর জাকাত ফরজ হবে।
বর্তমান সময়ে দেশি-বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক সম্পদের ক্ষেত্রে ফকির-মিসকিনদের অধিক উপকার বিবেচনায় রুপার নিসাবকেই মানদণ্ড ধরা হয়।
জাকাতের হার কত?
নিসাব পরিমাণ সম্পদের ওপর এক বছর পূর্ণ হলে মোট সম্পদের ৪০ ভাগের এক ভাগ, অর্থাৎ ২ দশমিক ৫০ শতাংশ জাকাত দিতে হবে।
সহজ হিসাবে—
১০০ টাকায় ২ টাকা ৫০ পয়সা
১,০০০ টাকায় ২৫ টাকা
১ লাখ টাকায় ২,৫০০ টাকা
নগদ অর্থ অথবা সমমূল্যের প্রয়োজনীয় দ্রব্য দিয়েও জাকাত আদায় করা যায়।
যেসব সম্পদের ওপর জাকাত ফরজ
সব সম্পদের ওপর জাকাত ফরজ হয় না। তবে যেসব সম্পদের ওপর জাকাত আবশ্যক—
সোনা ও রুপা (অলংকারসহ)
নগদ টাকা ও ব্যাংক ব্যালান্স
ফিক্সড ডিপোজিট, বন্ড, শেয়ার
ব্যবসায়িক পণ্য
নির্দিষ্ট নিয়মে পালিত পশু
ব্যবহৃত হোক বা না হোক, সোনা-রুপার অলংকারের ওপর জাকাত ফরজ। একইভাবে ব্যাংকে রাখা টাকা, ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ এবং শেয়ার-বন্ডের ওপরও জাকাত প্রযোজ্য।
সমাজে জাকাতের গুরুত্ব
জাকাত ধনী ও দরিদ্রের মাঝে সেতুবন্ধন তৈরি করে। এটি দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি কার্যকর ইসলামী ব্যবস্থা। সঠিকভাবে জাকাত আদায় হলে সমাজে বৈষম্য কমে আসে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হয়।