রাজধানীর কল্যাণপুরে আলোচিত ‘জাহাজবাড়ি’ অভিযানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আসামিদের নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত হতে নোটিশ প্রকাশ করতে হবে। এই মামলায় […]
ছবি: সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরে আলোচিত ‘জাহাজবাড়ি’ অভিযানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় আসামিকে আদালতে হাজির করতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আসামিদের নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত হতে নোটিশ প্রকাশ করতে হবে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কে অবস্থিত একটি বহুতল ভবনে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ভবনটির নাম ছিল ‘তাজ মঞ্জিল’, তবে আকৃতির কারণে স্থানীয়দের কাছে এটি ‘জাহাজবাড়ি’ নামে পরিচিতি পায়। ওই অভিযানে নয় তরুণ নিহত হন এবং একজন আহত অবস্থায় আটক হন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ছিল, নিহতরা সবাই নব্য জেএমবির সদস্য।
পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার এক পুলিশ কর্মকর্তা সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন, যেখানে ১০ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা সামনে আসতে শুরু করে। অভিযোগ ওঠে, ওই অভিযানে প্রকৃতপক্ষে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নিরীহ তরুণদের হত্যা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নতুন মামলা দায়ের করা হয়।
এই মামলার ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল এবার অভিযুক্তদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলেন।