সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৪:৩৯ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও মন গলেনি ফিফা কাউন্সিলের

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের সদস্যদের না জানানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ক্ষমা চেয়েও সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ায় তাঁর নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ও জার্মানির ফুটবল কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলের বৈঠক […]

ক্ষমা চাইলেন ইনফান্তিনো, তবুও মন গলেনি ফিফা কাউন্সিলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের সদস্যদের না জানানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ক্ষমা চেয়েও সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ায় তাঁর নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইংল্যান্ড ও জার্মানির ফুটবল কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ৩৭ সদস্যের কাউন্সিলের বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। বৈঠকে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অবশ্য পরিকল্পনাটি বাতিল করে ফিফা।

ক্ষমা চেয়েও সমালোচনার মুখে ইনফান্তিনো

বৈঠকের শুরুতে কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা না করে বাইরের অর্থদাতাদের সঙ্গে যোগাযোগ করায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। তবে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইট মনে করেন, শুধু ক্ষমা চাইলেই আস্থা ফিরে আসবে না।

প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনার নথি এবং এ বিষয়ে আলোচনার ব্যাপারে সরাসরি প্রশ্নের উত্তর না পাওয়ায় হতাশা প্রকাশ করেন হিউইট।

তিনি বলেন, ‘আমার মনে হয়, তাকে (ইনফান্তিনো) এসব প্রশ্নের উত্তর দিতে হবে। তিনি যদি এখনই প্রশ্নগুলোর উত্তর না দেন, তাহলে ফিফা সভাপতি হওয়ার যোগ্যতা তাঁর নেই।’

নেতৃত্ব নিয়ে প্রশ্ন জার্মান ফুটবল প্রধানেরও

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ জানিয়েছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, ফিফার প্রশাসন ও পরিচালনব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন। তবে ইনফান্তিনোর নেতৃত্বে সেই সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে আগামী বছর ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিকল্প হিসেবে একজন প্রার্থী পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নয়েনডর্ফ।

আরও কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা

বিনিয়োগ পরিকল্পনার বাইরেও বৈঠকে ফিফার কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংস্থাটির শান্তি পুরস্কার দেওয়া এবং যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের বিশ্বকাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।

অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের তদবিরের পর বালোগুনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। এসব বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়ায় বৈঠক শেষে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়ে যায়।

সদস্য দেশগুলোর জন্য ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব অনুমোদন

এদিকে, ফিফা কাউন্সিল সংস্থাটির আর্থিক রিজার্ভ থেকে ৩৫০ কোটি ডলার বিতরণের প্রস্তাব অনুমোদন করেছে। আগামী চার বছরের চক্রে এই অর্থ প্রতিটি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

একদিকে সদস্য দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বিতরণের সিদ্ধান্ত, অন্যদিকে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে চলমান বিতর্ক—সব মিলিয়ে ফিফার কর্মকর্তাদের আস্থা কতটা ফিরবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ