সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য কী ধরনের কর্মসূচি নেবে, তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি ইতোমধ্যে চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের […]
সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করলে ১১ দলীয় ঐক্য কী ধরনের কর্মসূচি নেবে, তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, তাদের কর্মসূচি ইতোমধ্যে চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন না হলে ১১ দল কী করবে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘তাদের কর্মসূচি চলমান রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে লংমার্চ কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এমনকি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় মহাসমাবেশ হবে।’
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট চলছে। এমনকি মন্ত্রী-এমপিরা যখন কথা বলছেন, তখনও বিদ্যুৎ চলে যাচ্ছে।
তবে সরকার দেশে কোনো সংকট নেই—এমন বক্তব্য দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘অবশ্য, তারা ইনিয়ে-বিনিয়ে বলার চেষ্টা করছেন, দেশে এই মুহূর্তে কোনো সংকট নেই।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনো হয়নি।
এসব বিষয় সামনে রেখে ১১ দলীয় ঐক্য আগামী ৩০ আগস্ট, রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। এতে গুমের শিকার পরিবারের সদস্যরা অংশ নেবেন বলে জানান হামিদুর রহমান আযাদ।
বৈঠক ও সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।