জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে দেশের মানুষ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। সারজিস আলম […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটের রায় ও জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলে দেশের মানুষ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রা-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন নতুন কার্ডের রাজনীতি শুরু হয়েছে। তারেক রহমান পরিবার কার্ড, কৃষক কার্ড এবং সর্বশেষ ইউনিভার্সাল কার্ডের কথা বলেছেন। তিনি প্রশ্ন রেখে বলেন, ওই কার্ডগুলোর মধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব কিংবা থানা দখলের কার্ডও থাকবে কি না।
তিনি বলেন, যদি ছাত্রদল, যুবদল বা বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে এসব কর্মকাণ্ড চলতে থাকে, তাহলে দেশের মানুষই আগামীতে তারেক রহমানকে ‘লাল কার্ড’ দেখাবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সারজিস আলম বলেন, জনগণ শুধু তার মুখ দেখে ভোট দেয়নি; তারা ভোট দিয়েছে মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের প্রতীককে বিবেচনায় রেখে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া দুজনই গণভোটের রায় বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। সেই ধারাবাহিকতা থেকে সরে গেলে জনগণ তা মেনে নেবে না।
তিনি আরও বলেন, গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জুলাই সনদের সঙ্গে প্রতারণা করা হলে জনগণ বিএনপিকে ‘গাদ্দার’ হিসেবে অভিহিত করবে।
জামালপুরের স্বাস্থ্যসেবার সমালোচনা করে সারজিস আলম বলেন, হাসপাতালে ভবন আছে কিন্তু চিকিৎসক নেই, চিকিৎসক থাকলে নার্স নেই, নার্স থাকলে ওষুধ নেই, আর ওষুধ থাকলেও কার্যকর ব্যবস্থাপনা নেই। তিনি সদর হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের সেবক হিসেবে নয়, জমিদারের মতো আচরণ করছেন। একই সঙ্গে ভূমি অফিসকে চাঁদাবাজির কেন্দ্র এবং থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের জায়গা বানানো যাবে না বলেও মন্তব্য করেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের তোষামোদ বা ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত না হয়ে বিবেক ও ন্যায়বোধের ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ক্ষমতা স্থায়ী নয়, কিন্তু অন্যায়ের দায় থেকে কেউ রেহাই পাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিম। এতে বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।