সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:৫১ পিএম, ৩ আগস্ট ২০২৬

গৃহহীনদের জন্য হোটেল ব্যবহারে ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন করলেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

নিউইয়র্ক সিটির গৃহহীনদের জরুরি আশ্রয় নিশ্চিত করতে পাঁচটি বরোর বিভিন্ন হোটেল ব্যবহারের জন্য ১৮৬ কোটি মার্কিন ডলার (১.৮৬ বিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি নবায়ন করেছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তিটি করা হয়েছে নিউইয়র্ক সিটি হোটেল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন–এর সঙ্গে, যা শহরের প্রায় ৩০০টি […]

গৃহহীনদের জন্য হোটেল ব্যবহারে ১৮৬ কোটি ডলারের চুক্তি নবায়ন করলেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির গৃহহীনদের জরুরি আশ্রয় নিশ্চিত করতে পাঁচটি বরোর বিভিন্ন হোটেল ব্যবহারের জন্য ১৮৬ কোটি মার্কিন ডলার (১.৮৬ বিলিয়ন ডলার) মূল্যের একটি চুক্তি নবায়ন করেছে মেয়র জোহরান মামদানির প্রশাসন। নতুন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত।

চুক্তিটি করা হয়েছে নিউইয়র্ক সিটি হোটেল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন–এর সঙ্গে, যা শহরের প্রায় ৩০০টি হোটেলের প্রতিনিধিত্ব করে। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন দেখা দিলেই কেবল এসব হোটেলকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। ফলে পুরো ১৮৬ কোটি ডলারের অর্থ ব্যয় নাও হতে পারে।

নিউইয়র্ক সিটির গৃহহীন সেবা বিভাগ (Department of Homeless Services) জানিয়েছে, গত ১৫ বছরে বিভিন্ন জরুরি পরিস্থিতিতে বাণিজ্যিক হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হয়েছে। একই সঙ্গে স্থায়ী ও উন্নতমানের আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজও চলছে, যাতে ভবিষ্যতে বিশেষ করে শিশু থাকা পরিবারগুলোর জন্য হোটেলের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানো যায়।

শহরের ‘রাইট টু শেল্টার’ আইনের আওতায় আশ্রয়প্রার্থী প্রত্যেক ব্যক্তির জন্য থাকার ব্যবস্থা নিশ্চিত করা নিউইয়র্ক সিটির আইনগত দায়িত্ব। এ কারণেই পর্যাপ্ত শয্যা সংরক্ষণে এই চুক্তি নবায়ন করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই পর্যন্ত নিউইয়র্ক সিটির বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৮২ হাজার ৯২৯ জন প্রাপ্তবয়স্ক ও শিশু অবস্থান করছিলেন।

কোভিড-১৯ মহামারির সময় গৃহহীনদের নিরাপদ আবাসনের জন্য প্রথম বড় পরিসরে হোটেল ব্যবহার শুরু হয়। পরে অভিবাসন সংকটের সময়ও হাজারো আশ্রয়প্রার্থীর জন্য শহরের প্রায় ১৫০টি হোটেল, মোটেল ও সরাইখানাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।

এদিকে একই কর্মসূচির আওতায় হোটেলে অবস্থানরত গৃহহীন ব্যক্তি ও পরিবারগুলোর দৈনন্দিন সেবা পরিচালনার জন্য দুটি সামাজিক সেবাদানকারী সংস্থাকে ৮ কোটি ৭০ লাখ ডলারেরও বেশি মূল্যের পৃথক দুটি চুক্তি দেওয়া হয়েছে।

তবে এই কর্মসূচি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের দাবি, দীর্ঘ সময় ধরে হোটেলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ফলে পর্যটন খাতে চাপ তৈরি হচ্ছে এবং সাধারণ পর্যটকদের জন্য কক্ষের প্রাপ্যতা কমে যাচ্ছে।

অন্যদিকে গৃহহীনদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর মতে, পর্যাপ্ত স্থায়ী আবাসন নির্মাণ না হওয়া পর্যন্ত জরুরি ভিত্তিতে হোটেল ব্যবহার একটি প্রয়োজনীয় ও কার্যকর বিকল্প। তাদের মতে, এতে হাজারো পরিবার, শিশু ও অসহায় মানুষ নিরাপদ আশ্রয় পাচ্ছেন এবং রাস্তায় বসবাসের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ