গোপালগঞ্জে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ছানোয়ার হোসেন মোল্লা প্রায় ১২০০ নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের আরও কয়েকজন স্থানীয় নেতাও দল পরিবর্তনের ঘোষণা দেন। বুধবার (৩ জুন) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল […]
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানের ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ছানোয়ার হোসেন মোল্লা প্রায় ১২০০ নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের আরও কয়েকজন স্থানীয় নেতাও দল পরিবর্তনের ঘোষণা দেন।
বুধবার (৩ জুন) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের বড় উপস্থিতি দেখা যায়।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. ছানোয়ার হোসেন মোল্লা বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এলাকার রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি। স্থানীয় উন্নয়ন কার্যক্রম ও মানুষের সঙ্গে বিএনপির নেতাদের সম্পৃক্ততা তাকে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে জানান তিনি।
তিনি দাবি করেন, তার সঙ্গে প্রায় ১২০০ কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। এছাড়া নিজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম শেখও একই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. কে এম বাবরও। তিনি বলেন, ভবিষ্যতে এলাকায় জোরপূর্বক বা ভয়ভীতি নির্ভর নির্বাচন আর হবে না এবং জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নিজেরাই নির্বাচিত করবেন। গোপালগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারা, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান হাচিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।