যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই পথেই এগোবে বিরোধী পক্ষ—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে জুলাই সনদ আদেশ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার ঘটনাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী পক্ষ। […]
ছবি: সংগৃহীত
যেভাবে গণভোটের রায় বাস্তবায়ন করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই পথেই এগোবে বিরোধী পক্ষ—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এর আগে জুলাই সনদ আদেশ এবং বিরোধীদলীয় নেতাকে ‘মিসকোড’ করার ঘটনাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী পক্ষ।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থান দেখে তারা হতাশ হয়েছেন। তার ভাষায়, সরকার জনগণের রায়কে অসম্মান করেছে। তিনি বলেন, “আমরা আহত, মর্মাহত ও বিস্মিত। এ কারণেই আমরা অধিবেশন থেকে ওয়াকআউট করেছি। জনগণের দেওয়া ম্যান্ডেট অগ্রাহ্য করার প্রতিবাদেই আমাদের এই সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “এই প্রথম সরকারি দল ও বিরোধী দল—সবাই গণভোটের বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে জনগণের চূড়ান্ত অভিপ্রায় লঙ্ঘন করা হয়েছে। জনগণের সম্মান রক্ষায় আমরা ওয়াকআউট করেছি।”
জামায়াত আমিরের ভাষায়, যেহেতু জনগণের রায়কে সম্মান জানানো হয়নি, তাই তারা জনগণের কাছেই ফিরে যাবেন। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথ খোঁজা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, “গণভোটের দাবি কীভাবে আদায় করা যায়, সেই চেষ্টা করব। আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব।”
ডা. শফিকুর রহমান আরও জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে সংসদের পাশাপাশি রাজপথেও ১১টি দল সক্রিয় থাকবে। শিগগিরই সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।