সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:০২ পিএম, ৯ মার্চ ২০২৬

জনগণের অধিকার হরণ করলে প্রতিরোধ করব : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে জনগণের অধিকার রক্ষার জন্য আমরা স্পষ্টভাবে কথা বলব। যদি দাবি মানা হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে উদ্যোগ নিলে আমরা শুধু সমর্থন নয়, সহযোগিতাও করব। তবে যদি কোনো অধিকার হরণ করা হয়, আমরা চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ জানাব এবং প্রয়োজনে প্রতিরোধ […]

জনগণের অধিকার হরণ করলে প্রতিরোধ করব : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে জনগণের অধিকার রক্ষার জন্য আমরা স্পষ্টভাবে কথা বলব। যদি দাবি মানা হয়, সাধুবাদ জানাব। জনগণের অধিকার বাস্তবায়নে উদ্যোগ নিলে আমরা শুধু সমর্থন নয়, সহযোগিতাও করব। তবে যদি কোনো অধিকার হরণ করা হয়, আমরা চুপ থাকব না, তার তীব্র প্রতিবাদ জানাব এবং প্রয়োজনে প্রতিরোধ করব। তিনি বলেন, “আমরা থামব না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই হবে জনতার বিজয়ের লড়াই।”

সোমবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপি প্রেসিডেন্ট কর্ণেল (অব.) অলি আহমদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, “দুঃখজনক হলেও সত্য, যারা মজলুম ছিলেন, আজ তাদের কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করছেন। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া খুবই জরুরি। ইতিহাস বারবার ফিরে আসে, আর আমরা এর স্থায়ী সমাধানের লক্ষ্যে ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম, আমাদের দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, এবং বিচার এখন জনতার আদালতে। সেই রায় জনতার পক্ষেই আসবে, ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান বিশ্বব্যাপী অস্থিরতার লড়াইয়ের প্রসঙ্গেও মন্তব্য করেন, “মানবতার বিরুদ্ধে যাঁরা কাজ করছেন, আমরা তাদের নিন্দা জানাব এবং মানবতার পাশে থাকব। কোনো দেশ বা অঞ্চলের বিষয় নয়, যেখানে মানবতা লঙ্ঘিত হবে, সেখানে আমরা থাকব, ইনশাআল্লাহ। মানবতার বিজয় হোক এবং মনুষ্যত্বের বিজয় হোক।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ