পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনমতের চাপের কারণেই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জনগণের চাহিদা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং হরমুজ […]
ছবি: সংগৃহীত
পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনমতের চাপের কারণেই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, জনগণের চাহিদা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপট বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, সরকার নিজের ইচ্ছায় জ্বালানির দাম বাড়ায়নি। বরং পরিস্থিতির চাপে পড়েই দাম সমন্বয় করতে হয়েছে। তার দাবি, মূল্যবৃদ্ধির আগে সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।
ইলিয়াস আলীর সন্ধান প্রসঙ্গে রিজভী বলেন, গুম-সংক্রান্ত ঘটনায় যারা জড়িত, তাদের অনেকেই এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এসব ব্যক্তিকে কেন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। তার মতে, অপরাধীদের জিজ্ঞাসাবাদ করলেই নিখোঁজ নেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
অন্তর্বর্তী সরকারের জারি করা গুম অধ্যাদেশ নিয়েও সমালোচনা করেন তিনি। রিজভীর ভাষায়, ওই অধ্যাদেশে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। তাই সেটি সংশোধন করে আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের দাবি জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো নিষ্ঠুর ঘটনা রোধে মানবিক ও কঠোর আইন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ইলিয়াস আলীর দ্রুত সন্ধান কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।