সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশ ডট গভ ডট বিডি–এর দ্বিতীয় সংস্করণ ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে নতুন সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে। […]
ছবি: সংগৃহীত
সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়ন বাংলাদেশ ডট গভ ডট বিডি–এর দ্বিতীয় সংস্করণ ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সব মন্ত্রণালয়ে নতুন সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই উদ্যোগের আওতায় বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রফিক জানান, নতুন সংস্করণের কার্যকারিতা ও নিরাপত্তা সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন সেন্টারের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি এ বিষয়ে আনুষ্ঠানিক সনদও দিয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় তথ্য বাতায়নের এই সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিকের তথ্যপ্রাপ্তি সহজ করবে।
এটুআইয়ের জ্যেষ্ঠ পরামর্শক (উপসচিব) ফজলুল জাহিদ বলেন, এখন নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার তথ্য, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানা জানতে পারছেন। পাশাপাশি টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি, সিটিজেন চার্টারসহ নানা গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাচ্ছে।
প্রযুক্তিগতভাবে নতুন সংস্করণে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো যুক্ত করা হয়েছে। ফলে প্ল্যাটফর্মটি আরও দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। পাশাপাশি সিঙ্গেল সাইন-অন, দ্বিস্তর যাচাইকরণ এবং এসএসএল এনক্রিপশনসহ উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে।