ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান জামানত হারিয়েছেন। প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, ওই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। নির্বাচনে জামায়াত মনোনীত […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান জামানত হারিয়েছেন। প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট।
প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী, ওই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭ দশমিক ৪২ শতাংশ। নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। একই আসনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২ হাজার ৪৪৪টি—যা মো. তারেক রহমানের প্রাপ্ত ভোটের চেয়েও বেশি।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী যদি সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোটের হার অর্জন করতে না পারায় মো. তারেক রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত কী?
জামানত হলো নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ, যা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হয়। এই অর্থ ট্রেজারি চালান, তফসিলি ব্যাংকের পে-অর্ডার অথবা পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দেওয়া হয়। কোনো প্রার্থী নির্ধারিত হারে ভোট না পেলে সেই জামানতের অর্থ বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে চলে যায়।
নির্বাচনি বিধিমালা অনুযায়ী, কোনো নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের সাড়ে ১২ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ কারণে প্রতিটি নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী জামানত হারান।
জামানতের পরিমাণ কত?
বর্তমান নিয়ম অনুযায়ী—
সংসদীয় আসনে জামানত: ২৫ হাজার টাকা
উপজেলা নির্বাচনে: ১০ হাজার টাকা
পৌরসভা নির্বাচনে ভোটারসংখ্যা অনুযায়ী জামানত নির্ধারিত হয়:
২৫ হাজার ভোটার পর্যন্ত: ১৫ হাজার টাকা
২৫ হাজার ১ থেকে ৫০ হাজার ভোটার: ২০ হাজার টাকা
৫০ হাজার থেকে ১ লাখ ভোটার: ২৫ হাজার টাকা
১ লাখের বেশি ভোটার: ৩০ হাজার টাকা
নির্বাচন শেষে জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীদের তালিকা তৈরি করে নির্বাচন কমিশন, এবং সেই অর্থ অ্যাকাউন্টেন্ট জেনারেলের দপ্তরের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়। আর যেসব প্রার্থী জামানত হারান না, তারা গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের জমাকৃত অর্থ ফেরত নিতে পারেন।