সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৭:২৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। তিনি বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। এখন যাচাই করা […]

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের অভিযোগ, যা বলছে ডিবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ। তিনি বলেন, “আমরা একটি অভিযোগ পেয়েছি। এখন যাচাই করা হচ্ছে অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছিল কি না। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে এটি করেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।”

এর আগে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টটি হঠাৎ হ্যাক হয়ে যায়। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট দেওয়া হয়।

তিনি বলেন, বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে দলের সাইবার টিম অ্যাকাউন্ট উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর আইডিটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। যদিও দ্রুত বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হয়, ততক্ষণে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে অপপ্রচার শুরু হয়ে যায়।

এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান সিরাজুল ইসলাম।

এদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেন, “জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে এমন পোস্ট যদি সত্যিই তার পক্ষ থেকে হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক। আর যদি অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, তাহলে বিষয়টি সঙ্গে সঙ্গে জনসমক্ষে পরিষ্কার করা হয়নি কেন—সে প্রশ্ন থেকেই যায়। প্রায় ১২ ঘণ্টা পরে জিডি করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।”

ডিবি জানিয়েছে, তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ