জুলাই গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি […]
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই আত্মত্যাগের প্রতি আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি।”
তিনি বর্তমান সরকার ও দেশের সার্বিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের মতো সমস্যাগুলোর কার্যকর সমাধান এখনো হয়নি। তার ভাষায়, “এসি কক্ষে বসে জনগণের কষ্ট বোঝা যায় না। আমরা রাজনীতিকে এবার রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।”
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে। আগে এক পক্ষ বালুর ব্যবসা ও মামলা-বাণিজ্য করত, এখন আরেক পক্ষ করছে।”
তিনি শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সংকট, মাদক ও জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, “আগে যারা ধানখেতে ঘুমাতেন, রিকশা চালাতেন, তারা এখন প্রাডো গাড়ি চালান।”
কর্মসূচির শুরুতে হাসনাত আবদুল্লাহ সোনাগাজীর মনগাজী এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন। পরে পৌর শহরে পদযাত্রা শেষে সোনাগাজী পৌরসভা চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।