জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে সরাসরি তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাইয়ের এই গণ-অভ্যুত্থানকে যেমন মুক্তিযুদ্ধের সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না, তেমনি দেশের অন্যান্য অভ্যুত্থান বা গণআন্দোলনের সঙ্গে একই কাঠামোয় […]
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে সরাসরি তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাইয়ের এই গণ-অভ্যুত্থানকে যেমন মুক্তিযুদ্ধের সমতুল্য হিসেবে দেখা ঠিক হবে না, তেমনি দেশের অন্যান্য অভ্যুত্থান বা গণআন্দোলনের সঙ্গে একই কাঠামোয় বিচার করাও সঠিক নয়।
মাহফুজ আলমের ভাষ্য, এই অভ্যুত্থান ছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে নেওয়া একটি বৃহৎ রাজনৈতিক উদ্যোগ। তিনি এটিকে মুক্তিযুদ্ধ-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের ধারাবাহিকতায় দ্বিতীয় বড় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।
তবে এই উদ্যোগ শেষ পর্যন্ত কতটা সফল হয়েছে, সে মূল্যায়নের সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, এই আন্দোলনের প্রধান দাবির মধ্যে ছিল রাষ্ট্র সংস্কার, কর্তৃত্ববাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। তার মতে, এত বিস্তৃত রাষ্ট্রকাঠামোগত ভাবনা দেশের অন্য কোনো গণআন্দোলনে এত স্পষ্টভাবে দেখা যায়নি।
মাহফুজ আলম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের দীর্ঘ গণতান্ত্রিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতা থেকে অনুপ্রাণিত। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধকে বাঙালির উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
তার মতে, তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানি সামরিক শাসন ও সামন্তবাদী শক্তির পতন ঘটেছিল।
দেশের ইতিহাসের বিভিন্ন আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে চলমান রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে দেখার আহ্বানও জানান তিনি।
তার ভাষায়, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য।