সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৬:২০ পিএম, ৮ আগস্ট ২০২৬

ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণ প্রকল্পে বড় ধাক্কা দিয়েছে ফেডারেল আপিল আদালত। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) আদালত প্রকল্পটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের মার্কিন আপিল আদালত দুই-এক সংখ্যাগরিষ্ঠ রায়ে বলেছে, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মালিক নন; তিনি সেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে বসবাস […]

ট্রাম্পের ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রায় ৪০ কোটি ডলারের হোয়াইট হাউস বলরুম নির্মাণ প্রকল্পে বড় ধাক্কা দিয়েছে ফেডারেল আপিল আদালত। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) আদালত প্রকল্পটির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের মার্কিন আপিল আদালত দুই-এক সংখ্যাগরিষ্ঠ রায়ে বলেছে, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের মালিক নন; তিনি সেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে বসবাস করেন। ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভবনটির কাঠামোগত বড় ধরনের পরিবর্তন করার ক্ষমতা নির্বাহী বিভাগের নেই। খবর রয়টার্সের।

আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা বলেন, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণের মতো বড় ধরনের পরিবর্তন নির্বাহী বিভাগের একতরফা সিদ্ধান্তে করা যায় না। এ বিষয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, হোয়াইট হাউসের পুরোনো ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুটের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু হয়েছিল। অভিযোগ রয়েছে, প্রকল্পটি শুরুর আগে এ ধরনের কাঠামোগত পরিবর্তনের জন্য কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।

ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন প্রকল্পটির বিরুদ্ধে মামলা করলে নিম্ন আদালত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিলের পর ফেডারেল আপিল আদালতও নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ বহাল রাখে।

তবে আপিল আদালতের আদেশ তাৎক্ষণিকভাবে স্থায়ী হয়নি। আদালত রায়টি ১৪ দিনের জন্য স্থগিত রেখেছে, যাতে ট্রাম্প প্রশাসন চাইলে এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে।

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি প্রকল্পটিকে জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দাবি করেছেন, প্রস্তাবিত বলরুমে বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসা সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে ‘ভয়াবহ’ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তার প্রশাসন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আপিল করবে।

আপিল আদালতের সংখ্যাগরিষ্ঠ দুই বিচারপতি প্যাট্রিসিয়া মিলেট ও ব্র্যাড গার্সিয়া অবশ্য বলেছেন, জাতীয় নিরাপত্তার যুক্তি দেখালেই আইনগত অনুমোদনের প্রয়োজনীয়তা এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় না।

তাদের মতে, আদালতের আদেশ বলরুম নির্মাণকে স্থায়ীভাবে নিষিদ্ধ করছে না। তবে মামলার নিষ্পত্তি এবং প্রয়োজনীয় কংগ্রেসীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রকল্পটির ওপরের অংশের নির্মাণকাজ বন্ধ রাখতে হবে।

অন্যদিকে ট্রাম্পের নিয়োগ করা বিচারপতি নিওমি রাও এই সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তার মতে, নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার মাধ্যমে নিম্ন আদালত ফেডারেল বিচার বিভাগের ক্ষমতার সীমা অতিক্রম করেছে।

ট্রাম্প প্রশাসনের বলরুম প্রকল্পের প্রাথমিক ব্যয় অনুমান ছিল এর চেয়ে অনেক কম। পরে নকশা ও প্রকল্পের আকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যয় বেড়ে প্রায় ৪০ কোটি ডলারে পৌঁছায়।

ট্রাম্পের দাবি, প্রকল্পটি আগের পরিকল্পনার তুলনায় প্রায় দ্বিগুণ বড় এবং উন্নতমানের হওয়ায় ব্যয় বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, নতুন বলরুমটি একই সঙ্গে জাঁকজমকপূর্ণ, আধুনিক ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন হবে।

তবে আদালতের সাম্প্রতিক আদেশের ফলে এখন প্রকল্পটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং কংগ্রেসের অনুমোদনের ওপর।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ