আগামী ডিসেম্বরে হত্যার লক্ষ্যবস্তু হতে পারেন এমন ব্যক্তিদের তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার […]
ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বরে হত্যার লক্ষ্যবস্তু হতে পারেন এমন ব্যক্তিদের তালিকায় নিজের নাম রয়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেছেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন।
কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।
ব্যঙ্গচিত্রটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্টুন বা ব্যঙ্গচিত্রের বিষয়ে তাঁর আপত্তি নেই। বরং রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গচিত্র আঁকাকে তিনি স্বাগত জানান। তবে দেশের বর্তমান রাজনৈতিক সহিংসতার পরিস্থিতিতে এ ধরনের ছবি ভিন্ন বার্তা দিতে পারে বলে মনে করেন তিনি।
ফুয়াদ বলেন, ‘কার্টুনের ব্যাপারে আমি খুবই উদার। পাবলিক ফিগারদের নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার বা ব্যঙ্গচিত্র আঁকাকে আমি স্বাগত জানাই। কিন্তু সমস্যা হলো, বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা চলছে এবং আপনি দেখেছেন অ্যাসাসিনেশনের (গুপ্তহত্যা) তালিকায় “এই ডিসেম্বরে ওসমান হাদি কে হবে”—সেই তালিকায় আমার নাম আছে। এমন একটি প্রেক্ষাপটে আঁকা এই কার্টুনটি দেশ-বিদেশের আওয়ামী সার্কেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি শেয়ার করে উল্লাস করছে।’
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, সৃজনশীলতাকে স্বাগত জানালেও কোনো ব্যঙ্গচিত্র যদি উগ্র বা প্রতিপক্ষ গোষ্ঠীকে সহিংসতায় উৎসাহিত করে, তাহলে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মহল থেকে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন। তাঁর ভাষায়, বাংলাদেশে তিনি এমনিতেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
আলোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য আওয়ামী লীগকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ‘সরি’ বলতে হবে।
তবে আওয়ামী লীগের পদ-পদবিহীন সাধারণ সমর্থকদের বিষয়ে তাঁর অবস্থান কিছুটা ভিন্ন। যারা লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।