সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) আবেদনটি করা হয়। আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত […]
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। সোমবার (১৩ সেপ্টেম্বর) আবেদনটি করা হয়।
আবেদনে রুমিন ফারহানা অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে একটি আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। সেখানে তাকে ‘লেডি মীরজাফর’সহ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানার অভিযোগ, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তাকে অপমানিত করে না, একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষুণ্ন করে।
আবেদনে আরও বলা হয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।