রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর প্রায় ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হন। পরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাদের দ্রুত রাজধানীর গুলশানের […]
রাজধানীর কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর প্রায় ৪টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হন। পরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাদের দ্রুত রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন থাকলেও দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে দেখা যায়, বড় ধরনের আগুন না থাকলেও পুরো কক্ষে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভবনটি তল্লাশি করে বিশেষ যন্ত্রের সাহায্যে ভেতরে জমে থাকা ধোঁয়া বের করে দেন। তাদের তৎপরতায় আগুন আর ছড়িয়ে পড়েনি।
এখনও অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে ঘটনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল পাঠিয়েছে পাকিস্তান হাইকমিশন।