আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে ১৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’ ১৩টি সংসদীয় আসনের ওপর পরিচালিত জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে […]
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে ১৬ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন বলে জনমত জরিপে উঠে এসেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’ ১৩টি সংসদীয় আসনের ওপর পরিচালিত জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করে। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে প্রকাশিত এই জরিপে ‘রিভিল্ড ভোট’ বা প্রকাশিত মতামতের ভিত্তিতে এগিয়ে থাকা প্রার্থীদের অবস্থান তুলে ধরা হয়।
সোচ্চার জানায়, উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনো সিদ্ধান্তহীন থাকায় চূড়ান্ত ফলাফলে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অনেক আসনেই এই অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্তই বিজয়ী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জরিপ অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনে বিএনপি ৭ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। কুমিল্লা-৯ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে, যেখানে জামায়াত ৩ শতাংশে এগিয়ে। কুমিল্লা-১০ আসনে জামায়াত ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে।
ময়মনসিংহ-৯ এবং ঢাকা-১ আসনে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। গাইবান্ধা-২ আসনে জামায়াত ১৮ শতাংশ ভোটে শক্ত অবস্থান ধরে রেখেছে।
ঢাকার অন্যান্য আসনের মধ্যে ঢাকা-১১ আসনে এনসিপি ৪ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৩ আসনে বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে বিএনপি ২ দশমিক ৮ শতাংশে এগিয়ে। ঢাকা-১৫ আসনে জামায়াত ৯ দশমিক ৫ শতাংশ ভোটে এগিয়ে রয়েছে। ঢাকা-১৭ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেখানে বিএনপি ৩ শতাংশে এগিয়ে।
ঢাকার বাইরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত ২ দশমিক ৩ শতাংশ ভোটে এগিয়ে থেকে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। সিলেট-৬ আসনে বিএনপি মাত্র ০ দশমিক ৭ শতাংশ ভোটে জামায়াতের চেয়ে এগিয়ে রয়েছে।
সোচ্চার জানিয়েছে, এসব জরিপের ফলাফল চূড়ান্ত পূর্বাভাস নয়। বরং অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্ত ও শেষ মুহূর্তের রাজনৈতিক সমীকরণই নির্বাচনের ফলাফলে নির্ধারক ভূমিকা রাখবে।