ঢাকা-৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয়ের জন্য সরাসরি জনগণের সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এতে তিনি নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন। পোস্ট দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান তিনি। পরবর্তী এক স্ট্যাটাসে ডা. তাসনিম […]
ঢাকা-৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয়ের জন্য সরাসরি জনগণের সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এতে তিনি নিজের বিকাশ পার্সোনাল নম্বর ও ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেন।
পোস্ট দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া পাওয়ার কথা জানান তিনি। পরবর্তী এক স্ট্যাটাসে ডা. তাসনিম জারা লেখেন, মাত্র সাত ঘণ্টায় তিনি ১২ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন। এত স্বল্প সময়ে সাধারণ মানুষের এমন অভূতপূর্ব সহযোগিতা তাঁর কল্পনার বাইরে ছিল বলেও উল্লেখ করে দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, তাঁর নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। তবে অনুদান সংগ্রহ ৩৪ লাখ টাকায় পৌঁছালেই তিনি ফান্ডরেইজিং বন্ধ করবেন বলে ঘোষণা দেন।
এর আগে আরেকটি পোস্টে তিনি জানান, অনুদানের চাপ এতটাই বেশি ছিল যে বিকাশে একদিনে সর্বোচ্চ লেনদেনের সীমা অতিক্রম হয়ে যায়। এ কারণে ওই দিন বিকাশের মাধ্যমে আর টাকা পাঠানো সম্ভব হয়নি, তাই অন্য বিকল্প মাধ্যমে অনুদান পাঠাতে অনুরোধ জানান তিনি।
অনুদান আহ্বানের চার ঘণ্টা পরই তিনি জানান, তখন পর্যন্ত তাঁর কাছে ৫ লাখ ২৬ হাজার টাকা জমা পড়েছে।
প্রথম দফার পোস্টে ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা খরচ করতে পারেন। কিন্তু বাস্তবে অনেক প্রার্থী ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করেন, যদিও কাগজে-কলমে তা স্বীকার করা হয় না। এর ফলে সংসদে যাওয়ার পথটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যাচারের মাধ্যমে—এমন মন্তব্য করেন তিনি।
তিনি জানান, এই অসততা ও মিথ্যার রাজনীতির সঙ্গে তিনি যুক্ত হবেন না এবং আইনসম্মত সীমার বাইরে এক টাকাও ব্যয় করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অনেকেই কম বাজেটে নির্বাচন করা অসম্ভব বললেও, তাঁর মতে নতুন বাংলাদেশ গড়তে হলে এই পথেই হাঁটতে হবে।
ডা. তাসনিম জারা আরও লেখেন, অতিরিক্ত নির্বাচনী ব্যয় পরবর্তীতে চাঁদাবাজি ও টেন্ডারবাজিকে ‘বাধ্যতামূলক’ করে তোলে, যার ফলে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে কিছু প্রভাবশালী গোষ্ঠীর দখলে চলে যায়।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি যে পরিমাণ টাকা ব্যয় করতে পারবেন, সেই পুরো অর্থ জনগণের কাছ থেকেই নিতে চান বলে জানান তিনি। পাশাপাশি নতুন খোলা ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বরের মাধ্যমে আসা প্রতিটি টাকার হিসাব এবং ব্যয়ের প্রমাণ স্বচ্ছভাবে প্রকাশ করার প্রতিশ্রুতিও দেন এই এনসিপি নেত্রী।