সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৩:৪২ অপরাহ্ন, ৪ জুলাই ২০২৬

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের উৎসব ব্যাহত, বাতিল বহু আয়োজন

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে এবারের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনে বড় ধরনের প্রভাব পড়েছে। অতিরিক্ত গরম ও স্বাস্থ্যঝুঁকির কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক প্যারেড, কনসার্ট, মেলা ও জনসমাগমের অনুষ্ঠান বাতিল কিংবা স্থগিত করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরা। শুক্রবার (৩ জুলাই) মেলার আয়োজকরা এক […]

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রজুড়ে স্বাধীনতা দিবসের উৎসব ব্যাহত, বাতিল বহু আয়োজন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে এবারের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনে বড় ধরনের প্রভাব পড়েছে। অতিরিক্ত গরম ও স্বাস্থ্যঝুঁকির কারণে বিভিন্ন অঙ্গরাজ্যে একাধিক প্যারেড, কনসার্ট, মেলা ও জনসমাগমের অনুষ্ঠান বাতিল কিংবা স্থগিত করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

শুক্রবার (৩ জুলাই) মেলার আয়োজকরা এক বিবৃতিতে জানান, দর্শনার্থী, স্বেচ্ছাসেবক, শিল্পী, বিক্রেতা এবং কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হলে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে মেলাটি আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শুক্রবার দেশটির পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে ছিলেন। অনেক এলাকায় তাপমাত্রা কয়েক দশকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসের প্রায় সব বড় আয়োজনেই।

এ বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ উদযাপনের আয়োজন করেছেন। একই সময়ে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপের ম্যাচও। কিন্তু তীব্র দাবদাহের কারণে স্বাধীনতা দিবস এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিকল্পিত অনেক অনুষ্ঠান শেষ পর্যন্ত বাতিল বা পরিবর্তন করতে হয়েছে।

নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, কলোরাডোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজকেরা জননিরাপত্তার কথা বিবেচনা করে অনুষ্ঠান স্থগিত কিংবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ফিলাডেলফিয়ার ‘স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’। স্বাধীনতা দিবস উপলক্ষে এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় আয়োজন। প্যারেডের আয়োজক সংস্থা ‘ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডেলবেনে বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। কিন্তু বিপজ্জনক আবহাওয়ার মধ্যে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠান আয়োজন করা দায়িত্বশীল সিদ্ধান্ত হতে পারে না।

ওয়াশিংটন ডিসির ‘ফ্রিডম ২৫০’ মেলার আয়োজকেরাও একই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় মেলা চালু করা হয়।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, তাপজনিত অসুস্থতার কারণে শুক্রবার অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তাদের প্রত্যেকের অসুস্থতার কারণ শুধুমাত্র তাপপ্রবাহ ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিভাগটি আরও জানিয়েছে, স্বাধীনতা দিবসে ন্যাশনাল মল এলাকায় বিপুল মানুষের সমাগম হবে। তাই দর্শনার্থীদের পর্যাপ্ত পানি পান, দীর্ঘ সময় রোদে অবস্থান না করা এবং প্রয়োজন হলে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মেলায় উপস্থিত এক দর্শনার্থী জানান, তিনি একজন মধ্যবয়সী নারীকে তাপজনিত অসুস্থতায় কষ্ট পেতে দেখেছেন। মেলার কর্মীরা তার শরীরের তাপমাত্রা কমাতে দুই হাত বরফমিশ্রিত পানিতে ডুবিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন। তার মতে, এমন তীব্র গরমের মধ্যে এত বড় জনসমাগমের অনুষ্ঠান আয়োজন করা ঝুঁকিপূর্ণ।

চরম তাপপ্রবাহের কারণে ওয়াশিংটন ডিসির জনপ্রিয় ‘অ্যা ক্যাপিটল ফোর্থ’ কনসার্টের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের সময় বিকেল ৩টার পরিবর্তে সন্ধ্যা ৭টায় নির্ধারণ করা হয়েছে, যাতে দিনের সবচেয়ে গরম সময় এড়িয়ে অনুষ্ঠান পরিচালনা করা যায়।

অন্যদিকে, প্রচণ্ড গরমের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান খোলা আকাশের নিচেই আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছেন। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানটি বাইরে অনুষ্ঠিত হোক—এটাই তার ইচ্ছা।

আবহাওয়াবিদদের মতে, এই তাপপ্রবাহ পুরো ছুটির সময়জুড়েই অব্যাহত থাকবে। অনেক এলাকায় কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশেও গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহ দেখা গেছে। তবে উত্তর আমেরিকায় এবারের দাবদাহের বিশেষ বৈশিষ্ট্য হলো এর বিস্তি। দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত এই তাপপ্রবাহ সপ্তাহান্তজুড়ে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ওয়াশিংটন ডিসিতে প্রায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হবে, যা দুই শহরের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারে।

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ২০১২ সালের পর শহরটির সবচেয়ে উষ্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবারও সেখানে অত্যন্ত উচ্চ অনুভূত তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমলেও পূর্বাঞ্চলে তীব্র গরম অব্যাহত থাকবে। ফলে খোলা আকাশের নিচে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি থেকেই যাবে।

এদিকে উত্তরাঞ্চলের সমভূমি, মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে শক্তিশালী বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। এসব ঝড়ের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি, ঘণ্টায় প্রবল বেগে দমকা হাওয়া, আকস্মিক বন্যা এবং কয়েকটি এলাকায় টর্নেডোও হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

রোববার থেকে ভার্জিনিয়া, ক্যারোলাইনা এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে। আগামী সপ্তাহে এর প্রভাব পশ্চিমাঞ্চল এবং কানাডার কিছু এলাকাতেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে তাপপ্রবাহ আগের তুলনায় আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে। শিল্পবিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কার্বন নিঃসরণ কমানো না গেলে ভবিষ্যতে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ