সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৫:২৭ পিএম, ৫ আগস্ট ২০২৬

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, ভারতের প্রতি ঢাকার ক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে—এমন উদ্বেগ আগেই ভারত সরকারকে জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। বুধবার (৫ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের […]

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অনুমতি, ভারতের প্রতি ঢাকার ক্ষোভ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করার সুযোগ দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে—এমন উদ্বেগ আগেই ভারত সরকারকে জানানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি।

বুধবার (৫ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীর দিন ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার প্রকাশ্য গণমাধ্যমে অংশগ্রহণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিশুদেরসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রকাশিত তথ্য অস্বীকার করার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল। শেখ হাসিনা ও তার সহযোগীদের এমন বক্তব্যকে সরকার বাস্তবতাকে অস্বীকারের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদে ফিরে না যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে বিবৃতিতে দাবি করা হয়, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার রাজনৈতিক নেটওয়ার্কের জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখতে চায়।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আক্ষেপ প্রকাশ করে জানায়, ২০১৩ সালের বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ঢাকার একাধিক অনুরোধের বিষয়ে ভারত এখনো কোনো সাড়া দেয়নি। এর বিপরীতে তাকে ভারতীয় ভূখণ্ডে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে এবং দুই দেশের সুসম্পর্কের জন্য অনুকূল নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ