প্রায় সতেরো বছর পর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি পরিবারসহ লন্ডনের বাসা ছাড়েন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু স্বাভাবিক থাকলে রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। […]
প্রায় সতেরো বছর পর দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে তিনি পরিবারসহ লন্ডনের বাসা ছাড়েন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সবকিছু স্বাভাবিক থাকলে রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি দেশে পৌঁছাবেন।
এই সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে।
দলের শীর্ষ এই নেতাকে ঘিরে বড় ধরনের আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে, যেখানে কয়েক দশ লাখ নেতাকর্মীর সমাগম হতে পারে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানায়, রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় গণঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে দলীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালে কারামুক্তির পর তারেক রহমান পরিবারসহ যুক্তরাজ্যে চলে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। এই সময়ে ডা. জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি। এবার দীর্ঘ প্রবাসজীবনের ইতি টানতে যাচ্ছেন তিনি।