দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীর হাতিয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। এছাড়া কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।জানা গেছে, নেত্রকোনায় তিনজনের মৃত্যু হয়েছে। খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক জেলে মারা […]
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নোয়াখালীর হাতিয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক ঘটনায় এসব প্রাণহানি ঘটে। এছাড়া কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
জানা গেছে, নেত্রকোনায় তিনজনের মৃত্যু হয়েছে। খালিয়াজুরী উপজেলার ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক জেলে মারা যান। একই উপজেলায় ধান শুকানোর সময় বজ্রপাতে মোনায়েম খাঁ পালান নামে এক কৃষকের মৃত্যু হয়। এছাড়া হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল নামে আরেক কৃষক নিহত হন।
সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জেও পৃথক দুই ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। নবীগঞ্জে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হন। অন্যদিকে বানিয়াচং উপজেলায় বাড়ির পাশে ধান আনতে গিয়ে বজ্রপাতে আরেকজনের মৃত্যু হয়।
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বৃষ্টির সময় মাঠ থেকে বাদাম আনতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় প্রশাসন ও পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় উদ্যোগ নেওয়া হচ্ছে।