রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের এই কমিটি কাজ করবে। শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরি করবীতে […]
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তিন সদস্যের এই কমিটি কাজ করবে।
শুক্রবার (৫ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। এ ঘটনার কারণ উদঘাটন, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন।
মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারবে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের দাবি, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নির্দেশনা কার্যকর থাকায় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র: নৌপরিবহন মন্ত্রণালয়