অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে অনেক সময়ই অবকাশ কাটানোর সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে ভ্রমণ, পরিবারকে সময় দেওয়া কিংবা নতুন কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়। সে দিক থেকে ২০২৬ সাল চাকরিজীবীদের জন্য বেশ স্বস্তির বার্তা […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। কর্মব্যস্ত জীবনে সাপ্তাহিক ছুটিতে ব্যক্তিগত কাজ সামলাতে গিয়ে অনেক সময়ই অবকাশ কাটানোর সুযোগ মেলে না। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে সরকারি ছুটি মিললে ভ্রমণ, পরিবারকে সময় দেওয়া কিংবা নতুন কোনো পরিকল্পনা করার সুযোগ তৈরি হয়। সে দিক থেকে ২০২৬ সাল চাকরিজীবীদের জন্য বেশ স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে মোট সরকারি ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে। ফলে কার্যত আলাদা করে ছুটি পাওয়া যাবে ১৯ দিন। এর বাইরে ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলিম কর্মচারীদের জন্য পাঁচ দিন, হিন্দুদের জন্য নয় দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন, বৌদ্ধদের জন্য সাত দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য দুদিন ঐচ্ছিক ছুটির সুযোগ থাকবে।
ফেব্রুয়ারি
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র শবেবরাতের ছুটি নির্ধারিত রয়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)। এর সঙ্গে ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
মার্চ
মার্চ মাসে রয়েছে সবচেয়ে বেশি ছুটির সুযোগ। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ মার্চ শবেকদরের ছুটি থাকলে ১৮ মার্চ একদিন ছুটি নিলেই মিলবে টানা সাত দিনের অবকাশ।
এ ছাড়া ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি ও ঈদের আগে–পরে নির্বাহী আদেশে থাকা ছুটি মিলিয়ে পাঁচ দিনের বিরতি পাওয়া যাবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বৃহস্পতিবার হওয়ায় এর আগে বা পরে একদিন ছুটি নিলেই টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হবে।
এপ্রিল
১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটির আগে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি রয়েছে। এর মাঝে ১২ ও ১৩ এপ্রিল দুই দিন ছুটি নিলে টানা পাঁচ দিনের অবকাশ কাটানো সম্ভব।
মে
২০২৬ সালের সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ মিলবে মে মাসে। চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ও পরে নির্বাহী আদেশে ছুটি এবং ২২–২৩ মে সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৪ ও ২৫ মে দুই দিন ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ পাওয়া যাবে।
আগস্ট
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট একদিন ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের বিরতি মিলবে।
এ ছাড়া ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবির ছুটি থাকলে পরদিন একদিন ছুটি নিয়ে আরও চার দিনের অবকাশ পাওয়া সম্ভব।
অক্টোবর
২০ অক্টোবর দুর্গাপূজার নবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি রয়েছে। ২২ অক্টোবর একদিন ছুটি নিলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটি পাওয়া যাবে।
ডিসেম্বর
বছরের শেষ মাসেও রয়েছে ছুটির সুযোগ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটির পর ১৭ ডিসেম্বর একদিন ছুটি নিলেই ১৮ ও ১৯ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ মিলবে।
সব মিলিয়ে ২০২৬ সালে পরিকল্পিতভাবে এক–দুদিন ছুটি নিলেই চাকরিজীবীরা একাধিকবার দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন। এতে কাজের চাপ কমার পাশাপাশি মানসিক স্বস্তি ও কর্মক্ষমতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।