বর্তমান জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় দ্রুততম সময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন সর্বশেষ বাড়ানো হয় ২০১৫ […]
ছবি: সংগৃহীত
বর্তমান জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় দ্রুততম সময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
বুধবার দলটির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন সর্বশেষ বাড়ানো হয় ২০১৫ সালে, অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে। অথচ গত এক দশকে দেশে মুদ্রাস্ফীতি ৫০ শতাংশেরও বেশি বেড়েছে এবং জীবনযাপনের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে গত অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের পর গত ২১ জানুয়ারি নবম বেতন স্কেলের প্রস্তাব দেয়। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছে দলটি।
শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ের আন্দোলনে এনসিপি সক্রিয় ভূমিকা রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দলটির দাবি, নবম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে তারা সরাসরি অংশ নিয়েছে। এর ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আজ জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
দলটি বলেছে, সাধারণত ৫ থেকে ৬ বছরের মধ্যে বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিজীবীদের বেতন কাঠামো পর্যালোচনা ও সংশোধন করা হয়। সেখানে ১১ বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষাপটে দ্রুত সময়ের মধ্যে নবম বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে এনসিপি।