দুই গোলের পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াইকে প্রায় হারতে বসেছিল আলবিসেলেস্তেরা, সেটিই শেষ পর্যন্ত রূপ নেয় মহাকাব্যিক এক প্রত্যাবর্তনের গল্পে। ম্যাচের শুরু থেকেই ছন্দহীন দেখা যাচ্ছিল আর্জেন্টিনাকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ […]
ছবি: সংগৃহীত
দুই গোলের পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মিসরের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যে লড়াইকে প্রায় হারতে বসেছিল আলবিসেলেস্তেরা, সেটিই শেষ পর্যন্ত রূপ নেয় মহাকাব্যিক এক প্রত্যাবর্তনের গল্পে।
ম্যাচের শুরু থেকেই ছন্দহীন দেখা যাচ্ছিল আর্জেন্টিনাকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে চাপের মুখে পড়ে তারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৫ মিনিটেই এগিয়ে যায় মিসর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে লিসান্দ্রো মার্তিনেজকে পরাস্ত করে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। শুরুতেই পিছিয়ে পড়া আর্জেন্টিনার ওপর চাপ আরও বেড়ে যায়।
এরপর সমতায় ফেরার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। বক্সের ভেতর ফাউলের পর পেনাল্টি পায় তারা। কিন্তু লিওনেল মেসির নেওয়া শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। সেই সেভ শুধু মিসরকে এগিয়ে রাখেনি, আর্জেন্টিনাকে মানসিক ধাক্কাও দেয়। একই আসরে এটি ছিল মেসির দ্বিতীয় পেনাল্টি মিস, যা বিশ্বকাপের ইতিহাসে এক অস্বস্তিকর রেকর্ড হিসেবেও সামনে এসেছে।
প্রথমার্ধের বাকি সময়েও শোবের ছিলেন মিসরের সবচেয়ে বড় ভরসা। ম্যাক আলিস্টারের হেড, হুলিয়ান আলভারেসের শট এবং মেসির এক দূরপাল্লার প্রচেষ্টা তিনি ঠেকিয়ে দেন। মেসির জোরালো শট পোস্টে লেগে ফিরে এলে বিরতিতে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে মিসর।
দ্বিতীয়ার্ধে ফিরে আর্জেন্টিনা ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৬০তম মিনিটে ভিএআর পর্যালোচনার পর মিসরের একটি গোল বাতিল হয়। তবে ৬৭ মিনিটে আরও একবার ভেঙে পড়ে আর্জেন্টাইন রক্ষণ। মোহামেদ সালাহর সূক্ষ্ম আক্রমণ শুরু থেকে হাইসেম হাসানের ক্রস পেয়ে সহজ সুযোগ কাজে লাগান মোস্তাফা জিকো। মুহূর্তেই স্কোরলাইন দাঁড়ায় ২-০। তখন মনে হচ্ছিল, বিদায় শুধু সময়ের অপেক্ষা।
কিন্তু এখান থেকেই শুরু হয় আর্জেন্টিনার ফিরে আসার গল্প। ৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে লিওনেল মেসির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ক্রিস্তিয়ান রোমেরো। ব্যবধান কমে দাঁড়ায় ২-১। এই গোলের পরই ম্যাচে নতুন করে প্রাণ ফেরে।
মাত্র চার মিনিট পর আবারও আলবিসেলেস্তেদের উল্লাস। লাওতারো মার্তিনেসের তৈরি করা আক্রমণে গনসালো মন্তিয়েলের গায়ে লেগে বল ফিরে আসে মেসির সামনে। এবার আর সুযোগ নষ্ট করেননি তিনি। নিচু শটে বল পাঠিয়ে দেন জালে। গোলরক্ষক শোবের স্পর্শ করলেও শেষ রক্ষা হয়নি। স্কোরলাইন হয় ২-২।
ম্যাচ তখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল। ঠিক সেই সময়, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া আঘাত। লাওতারো মার্তিনেসের অ্যাসিস্টে বক্সের মধ্যে থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান এনসো ফার্নান্দেস। গ্যালারিতে নেমে আসে উন্মাদনা, আর মিসরের স্বপ্ন ভেঙে পড়ে মুহূর্তেই।
দুই গোলের পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। আর মিসরের রূপকথার যাত্রা শেষ হয় হৃদয়ভাঙা এক পরাজয়ে। বর্তমান চ্যাম্পিয়নরা এই জয়ে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল।