কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাড়িতে ফেরার ঠিক আগে তার বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ। বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে পৌঁছান আইভী। এরপর থেকেই তার বাড়িতে […]
ছবি: সংগৃহীত
কারামুক্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে ফেরার পর সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বাড়িতে ফেরার ঠিক আগে তার বাসার গেটসংলগ্ন ল্যাম্পপোস্টে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।
বুধবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে পৌঁছান আইভী। এরপর থেকেই তার বাড়িতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের যাতায়াত বাড়তে থাকে। এ সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বাড়ির সামনে নতুন করে স্থাপন করা সিসি ক্যামেরা।
বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা শুরু হলে বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি জানান, শুধু সাবেক মেয়র আইভীর বাড়িকে কেন্দ্র করে নয়, বরং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণের অংশ হিসেবেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
তার ভাষায়, ওই এলাকায় মোট চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি আইভীর বাসার সামনের ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে।
পুলিশের দাবি, এটি কোনো ব্যক্তিকে বিশেষভাবে নজরদারির জন্য নয়; বরং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার অংশ। তবে আইভীর বাড়ির সামনে ক্যামেরা স্থাপনের সময় ও প্রেক্ষাপট নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। কারামুক্ত হওয়ার পর তার বাড়িতে সমর্থকদের ভিড় এবং একই সময়ে পুলিশের এই প্রযুক্তিনির্ভর নজরদারি নতুন করে রাজনৈতিক কৌতূহল তৈরি করেছে।