বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির নতুন মন্ত্রিসভায় এনসিপি নেতাদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা […]
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডে এনসিপির আহ্বায়কের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির নতুন মন্ত্রিসভায় এনসিপি নেতাদের যোগদানের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, “না, এ ধরনের কোনো আলোচনা আজকের বৈঠকে হয়নি।”
তিনি আরও বলেন, “চব্বিশের অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পরিবার ও পুনর্বাসন নিয়ে আমরা আলোচনা করেছি। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এ সময় শাপলা কলির একটি কাঠামো এবং একজন শহীদের হাতে লেখা একটি চিঠি তাকে উপহার দেওয়া হয়েছে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেই আমাদের প্রত্যাশা।”
এনসিপির সদস্য সচিব বলেন, “গণতন্ত্রের পক্ষে যেকোনো রাজনৈতিক দলের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু আমরা যেন একত্রে বসতে পারি। সংলাপের মধ্য দিয়েই যাতে আমরা সমাধানে পৌঁছাতে পারি—এই আহ্বানই জানিয়েছেন নাহিদ ইসলাম। আমরা আশাবাদী, আজকের এই বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতা তৈরি করবে এবং দেশের যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে।”
তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকেই নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন। এই সৌজন্যতা এবং তার বিজয়ী হয়ে আসাকে এনসিপি অভিনন্দন জানিয়েছে। মতভিন্নতা সত্ত্বেও কীভাবে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করা যায়, সে বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। একই সঙ্গে দেশের সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়গুলোতেও ইতিবাচক আলোচনা হয়েছে।
আখতার হোসেন বলেন, “আজ তারেক রহমান ও নাহিদ ইসলামের এই নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি পরিবর্তনের আভাস দেয়। আমরা চাই, রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্য আলাদা হলেও দেশের প্রশ্নে সব রাজনৈতিক দল একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে পারুক।”
তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে কৃষি, শিক্ষা, শিল্প-বাণিজ্যসহ বিভিন্ন খাতে কীভাবে সমন্বিত নীতির মাধ্যমে অগ্রগতি আনা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় যে সহিংসতার ঘটনা ঘটেছে, তা আমরা তারেক রহমানকে জানিয়েছি। বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আশ্বস্ত করেছেন।”
এছাড়া চব্বিশের অভ্যুত্থানের সময় যারা জীবন দিয়েছেন ও অঙ্গহানি হয়েছেন, তাদের যথাযথ পুনর্বাসনের বিষয়েও আলোচনা হয়। সেই সময়কার পরিস্থিতি ও অভিজ্ঞতা নিয়েও নাহিদ ইসলাম তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকের শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানান। দলের প্রতীক শাপলা কলির একটি প্রতিচ্ছবি এবং চব্বিশের অভ্যুত্থানে একজন শহীদের হাতে লেখা একটি চিঠি উপহার হিসেবে তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়।