নিউইয়র্ক সিটির কুইন্সে গত মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৩৮ বছর বয়সী রোমান আমাতিতলার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটে ১৬ মার্চ, ফ্লাশিং এলাকার ১৩২-০৫ অ্যাভেরি অ্যাভিনিউর একটি ভবনে। অভিযোগ অনুযায়ী, ভবনের প্রবেশপথে আগুন লাগানোর পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে অবৈধভাবে কক্ষ বিভাজন […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির কুইন্সে গত মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৩৮ বছর বয়সী রোমান আমাতিতলার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটে ১৬ মার্চ, ফ্লাশিং এলাকার ১৩২-০৫ অ্যাভেরি অ্যাভিনিউর একটি ভবনে। অভিযোগ অনুযায়ী, ভবনের প্রবেশপথে আগুন লাগানোর পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে অবৈধভাবে কক্ষ বিভাজন এবং বিশৃঙ্খল পরিবেশ থাকায় আগুন আরও ভয়াবহ আকার নেয়।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে। ওই অগ্নিকাণ্ডে তিন বছর বয়সী শিশু সিহান ইয়াং, ৫০ বছর বয়সী চেংরি কুই এবং আরও দুজন প্রাণ হারান। নিহত অন্য দুজনের বয়স ৬১ ও ৬৩ বছর হলেও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় আরও চারজন আহত হন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের সঙ্গে ওই ভবন বা বাসিন্দাদের কোনো সম্পর্ক ছিল না। আগুন লাগানোর উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়।
৮ এপ্রিল তাকে এলমহার্স্টের বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০৯ নম্বর প্রিসিঙ্কটে নেওয়া হয় এবং আদালতে হাজির করা হয়। এ সময় তিনি কোনো মন্তব্য করেননি।
রোমান আমাতিতলার বিরুদ্ধে আটটি হত্যা, ১২টি হামলা, আটটি অগ্নিসংযোগ এবং একটি দোকান থেকে বিয়ার চুরির অভিযোগ আনা হয়েছে। ঘটনায় স্থানীয় কমিউনিটিতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।