যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ঘরোয়া বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ মোট ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন সন্দেহভাজন ব্যক্তি। বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ২টা ৪২ মিনিটে এক নারী জরুরি সহায়তার জন্য ফোন করেন। তিনি জানান, পরিবারের এক সদস্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ঘরোয়া বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ পুলিশ সদস্যসহ মোট ১৩ জন আহত হয়েছেন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন সন্দেহভাজন ব্যক্তি। বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ২টা ৪২ মিনিটে এক নারী জরুরি সহায়তার জন্য ফোন করেন। তিনি জানান, পরিবারের এক সদস্য নেশাগ্রস্ত অবস্থায় ছুরি নিয়ে বাড়িতে ঢুকেছেন এবং ঘরের ভেতরে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে।
তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৫০ বছর বয়সী আনরুপ পারাসরাম প্লাস্টিকের ব্যাগে গ্যাস ক্যানিস্টার নিয়ে জোর করে বাড়িতে প্রবেশ করেন। তিনি তার স্ত্রীকে হুমকি দিতে থাকেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা—একজন কন্যা ও দুই নাতি-নাতনি—দ্রুত বাড়ি থেকে বের হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে স্ত্রীও বেরিয়ে এসে পুলিশের কাছে বাড়ির চাবি হস্তান্তর করেন।
১০৬তম প্রিসিঙ্কটের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। ভোর ২টা ৫৭ মিনিটে তারা বাড়ির দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ সদস্যরা ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যে বাড়িটিতে আগুন ধরে যায়।
পুলিশ সূত্র জানায়, আহত হওয়ার পরও কয়েকজন কর্মকর্তা আগুনের মধ্যে ঢুকে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা করেন।
ফায়ার সার্ভিসের প্রধান জন এসপোসিটো বলেন, দমকলকর্মীরা ভোর ৩টার আগেই ঘটনাস্থলে পৌঁছান। তবে ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করায় ভবনের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি।
এই ঘটনায় সন্দেহভাজন আনরুপ পারাসরাম ঘটনাস্থলেই নিহত হন। বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ধসে পড়ে এবং অন্তত ১৬ জন বাসিন্দা গৃহহীন হয়ে পড়েন। ক্ষতিগ্রস্তদের জন্য রেড ক্রস অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করছে।
আহতদের মধ্যে এক পুলিশ সদস্যের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তাকে সেলাই দিতে হয়েছে। অন্যদের বিভিন্ন ধরনের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, এর আগেও এই পরিবারের ঘরোয়া বিরোধের ঘটনায় একাধিকবার অভিযোগ পেয়েছিল তারা। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও গ্যাস বিস্ফোরণের উৎস খুঁজে বের করতে তদন্ত চলছে।