সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
২:১১ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬

নিউইয়র্কের বিমানবন্দরে রকেট লঞ্চার হামলার মিথ্যা সতর্কতায় আতঙ্ক, নিরাপদে অবতরণ ডেল্টা বিমানের

নিউইয়র্কের ল্যাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় সম্ভাব্য রকেট লঞ্চার হামলার একটি মিথ্যা সতর্কবার্তা পেয়ে সাময়িকভাবে উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরে পুলিশ সেটিকে ভুয়া তথ্য বলে নিশ্চিত করলে ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি নিরাপদে অবতরণ করে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে ডেট্রয়েট থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ২৬০৪ ল্যাগার্ডিয়ায় নামার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাত ৮টা ২৭ মিনিটে এয়ার […]

নিউইয়র্কের বিমানবন্দরে রকেট লঞ্চার হামলার মিথ্যা সতর্কতায় আতঙ্ক, নিরাপদে অবতরণ ডেল্টা বিমানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্কের ল্যাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের প্রস্তুতির সময় সম্ভাব্য রকেট লঞ্চার হামলার একটি মিথ্যা সতর্কবার্তা পেয়ে সাময়িকভাবে উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরে পুলিশ সেটিকে ভুয়া তথ্য বলে নিশ্চিত করলে ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি নিরাপদে অবতরণ করে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে ডেট্রয়েট থেকে নিউইয়র্কগামী ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ২৬০৪ ল্যাগার্ডিয়ায় নামার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় রাত ৮টা ২৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটকে সম্ভাব্য ম্যানপ্যাড (MANPADS) হুমকির বিষয়ে সতর্ক করা হয়।

সিবিএস নিউজের প্রকাশিত এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, কন্ট্রোলার পাইলটকে বলেন, “ল্যাগার্ডিয়া বিমানবন্দরে ম্যানপ্যাড সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।”

পাইলট ‘ম্যানপ্যাড’ শব্দটির ব্যাখ্যা জানতে চাইলে কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয়, এটি মানব-বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা রকেট লঞ্চারের মাধ্যমে বিমান লক্ষ্য করে হামলার সম্ভাব্য তথ্য।

তবে সতর্কতা জারির প্রায় এক মিনিট পরই এয়ার ট্রাফিক কন্ট্রোল জানায়, পোর্ট অথরিটি পুলিশ ঘটনাটি তদন্ত করে এটিকে অবিশ্বস্ত ও ভুয়া তথ্য হিসেবে শনাক্ত করেছে।

কন্ট্রোলার পরে পাইলটকে বলেন, “ডেল্টা ২৬০৪, উত্তর দেওয়ার প্রয়োজন নেই। পোর্ট অথরিটি পুলিশ জানিয়েছে, এটি বিশ্বাসযোগ্য কোনো হুমকি নয়।”

এরপর বিমানটি কোনো ধরনের নিরাপত্তা সমস্যা ছাড়াই ল্যাগার্ডিয়া বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

পোর্ট অথরিটি পুলিশ জানিয়েছে, বেনামী একটি তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে সতর্কতা জারি করা হয়েছিল। তদন্তের পর সেটিকে প্রতারণামূলক বা মিথ্যা তথ্য হিসেবে চিহ্নিত করা হয়।

ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি এবং বিমানবন্দরের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। কর্তৃপক্ষ ভুয়া নিরাপত্তা হুমকির উৎস শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: সিবিএস নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ