যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রকাশ্য রাস্তায় বন্দুকধারীর গুলিতে এক অবসরপ্রাপ্ত এনওয়াইপিডি (NYPD) কর্মকর্তার ১২ বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শিশুটি গুলির ঘটনার লক্ষ্যবস্তু ছিল না; সে পথচারী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিল। শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকার এলিয়ট প্লেসে একটি […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রকাশ্য রাস্তায় বন্দুকধারীর গুলিতে এক অবসরপ্রাপ্ত এনওয়াইপিডি (NYPD) কর্মকর্তার ১২ বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শিশুটি গুলির ঘটনার লক্ষ্যবস্তু ছিল না; সে পথচারী হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিল।
শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকার এলিয়ট প্লেসে একটি ডেলি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ জানায়, কয়েকজনের মধ্যে মারামারি চলাকালে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। সে সময় ১২ বছর বয়সী জ্যাকব ফ্রেইটেস সাইকেল নিয়ে দোকানের সামনে ছিল। ছোড়া একটি গুলি তার শরীরে লাগে।
ইউনাইটেড বোডেগাস অব আমেরিকা (ইউবিএ) জানিয়েছে, জ্যাকব কাছের ওয়ান্ডা ডেলি গ্রোসারি থেকে একটি বল কিনে বের হয়েছিল। সাইকেলে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই গুলিবিদ্ধ হয় সে।
নজরদারি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর জ্যাকব বুক চেপে ধরে আবার দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে দোকানের কাউন্টারের সামনে লুটিয়ে পড়ে।
তাকে দ্রুত লিংকন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, জ্যাকবের বাবা নিউইয়র্ক পুলিশের একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ঘটনার সময় তিনি কানেকটিকাটে ছিলেন। খবর পেয়ে দ্রুত ব্রঙ্কসে ফিরে আসেন।
গুলির ঘটনায় আরও দুজন আহত হন। তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক ব্যক্তি নিতম্বে এবং ৩৪ বছর বয়সী আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, প্রায় ছয়জনের মধ্যে সংঘর্ষের জেরেই গুলি চালানো হয়। তদন্তের একপর্যায়ে ৪৫ বছর বয়সী উইলিয়াম ফেরারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গভীর শোক প্রকাশ করে বলেন, একটি শিশু যেন নিজের এলাকায় নিরাপদে সাইকেল চালাতে পারে—এটাই স্বাভাবিক হওয়া উচিত। তিনি এ ঘটনাকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
সূত্র: সিবিএস নিউজ নিউইয়র্ক, নিউইয়র্ক পোস্ট