যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ফুটপাত দিয়ে হাঁটার সময় বিলাসবহুল একটি গাড়ির চাপায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার কিছু আগে ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার রুটল্যান্ড রোড থেকে ইস্ট ৯২ স্ট্রিটে মোড় নেওয়ার সময় ৬৩ বছর বয়সী এক চালক তার সাদা রঙের লেক্সাস আরএক্স ৩৫০ মডেলের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ফুটপাত দিয়ে হাঁটার সময় বিলাসবহুল একটি গাড়ির চাপায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, শুক্রবার দুপুর দেড়টার কিছু আগে ইস্ট ফ্ল্যাটবুশ এলাকার রুটল্যান্ড রোড থেকে ইস্ট ৯২ স্ট্রিটে মোড় নেওয়ার সময় ৬৩ বছর বয়সী এক চালক তার সাদা রঙের লেক্সাস আরএক্স ৩৫০ মডেলের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি সোজা ফুটপাতে উঠে গিয়ে সেখানে হাঁটতে থাকা বৃদ্ধাকে চাপা দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্মাইলি অ্যাডামস জানান, হঠাৎ বিকট শব্দ এবং টায়ারের ঘর্ষণের আওয়াজ শুনে তিনি ঘটনাস্থলের দিকে তাকান। তখন তিনি দেখেন, গাড়িটি ফুটপাতে উঠে ওই বৃদ্ধাকে নিচে ফেলে টেনে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, “দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। মনে হচ্ছিল সিনেমার কোনো মর্মান্তিক দৃশ্য চোখের সামনে ঘটছে। বাস্তবে এমন ভয়াবহ ঘটনা আমি আগে কখনও দেখিনি।”
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় বৃদ্ধা একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দেয়ালের সঙ্গে মারাত্মকভাবে চাপা পড়ে যান। আশপাশের মানুষ দ্রুত ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর তোলা বিভিন্ন ছবিতে দেখা যায়, বিধ্বস্ত লেক্সাস গাড়িটি ফুটপাতের মাঝখানে থেমে রয়েছে। গাড়ির ভাঙা বাম্পার, কংক্রিটের টুকরো এবং উপড়ে পড়া গাছের অংশ রাস্তার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কিম নামের এক বাসিন্দা বলেন, “ট্রাফিক সিগন্যাল পাওয়ার তাড়াহুড়োয় অনেক চালক দ্রুতগতিতে মোড় নেওয়ার চেষ্টা করেন। অনেক সময় তারা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যান। এটি খুবই বিপজ্জনক একটি জায়গা।”
তবে সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনাটি শুধুই নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে, নাকি চালকের অন্য কোনো গাফিলতি বা অবহেলা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এনওয়াইপিডি জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য প্রকাশ করা হয়নি।