নিউইয়র্ক সিটির ব্রুকলিনে যাত্রী নামানোর পর গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লিভারি (রাইডশেয়ার) চালক মোহাম্মদ আমিন। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে ফোর্ট গ্রিন এলাকার নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউ ও পার্ক অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, যাত্রী নামানোর সময় আমিনের গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে সামান্য সংঘর্ষে জড়ায়। এরপর গাড়িতে থাকা এক […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ব্রুকলিনে যাত্রী নামানোর পর গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লিভারি (রাইডশেয়ার) চালক মোহাম্মদ আমিন। শুক্রবার (২৪ জুলাই) ভোর ৪টার দিকে ফোর্ট গ্রিন এলাকার নর্থ পোর্টল্যান্ড অ্যাভিনিউ ও পার্ক অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তথ্য অনুযায়ী, যাত্রী নামানোর সময় আমিনের গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে সামান্য সংঘর্ষে জড়ায়। এরপর গাড়িতে থাকা এক নারী যাত্রী তার ভাইকে ঘটনাস্থলে ডাকেন। তিনি এসে অপর গাড়ির চালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পুলিশ জানায়, ওই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র বের করে ৫০ বছর বয়সী লিভারি চালক মোহাম্মদ আমিনের মুখে গুলি করে পালিয়ে যায়। তদন্তকারীদের মতে, হামলাকারী দুর্ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। কী কারণে তিনি গুলি চালিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ হওয়ার পর মোহাম্মদ আমিনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিউইয়র্ক স্টেট ফেডারেশন অব ট্যাক্সি ড্রাইভার্স এক বিবৃতিতে আহত চালকের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, জীবিকা নির্বাহ করতে গিয়ে কোনো ট্যাক্সি বা লিভারি চালকের এ ধরনের প্রাণঘাতী হামলার শিকার হওয়া উচিত নয়।
সংগঠনটি আরও জানায়, গত ১১ জুলাই আরেক ট্যাক্সিচালক গলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এটি চালকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। আহত চালকদের চিকিৎসা ও আর্থিক সহায়তার জন্য গোফান্ডমি ক্যাম্পেইন, ক্রাইম ভিকটিমস বোর্ডের সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
এদিকে কালো টি-শার্ট পরা এক সন্দেহভাজনকে খুঁজছে এনওয়াইপিডি। হামলাকারীকে গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার একটি সংবাদ সম্মেলনে তদন্তের সর্বশেষ অগ্রগতি জানানো হবে এবং তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণারও পরিকল্পনা রয়েছে।