নিউইয়র্কের লং আইল্যান্ডের বে শোর এলাকায় মুসলিম ছেলেদের জন্য একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র বিতর্ক ও বিক্ষোভ দেখা দিয়েছে। প্রস্তাবিত স্কুলটিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী থাকার পরিকল্পনা রয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে ‘ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশন’ প্রায় ৫০ লাখ ডলারে ১৩ একর আয়তনের একটি জলাশয়সংলগ্ন সম্পত্তি […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের লং আইল্যান্ডের বে শোর এলাকায় মুসলিম ছেলেদের জন্য একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র বিতর্ক ও বিক্ষোভ দেখা দিয়েছে। প্রস্তাবিত স্কুলটিতে প্রায় ১২০ জন শিক্ষার্থী থাকার পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে ‘ইউনাইটেড আমেরিকান মুসলিম অ্যাসোসিয়েশন’ প্রায় ৫০ লাখ ডলারে ১৩ একর আয়তনের একটি জলাশয়সংলগ্ন সম্পত্তি কিনে নেয়। অতীতে সম্পত্তিটি রোমান ক্যাথলিক মন্টফোর্ট মিশনারিদের মালিকানায় ছিল এবং সেখানে একটি ক্যাথলিক সেমিনারি ও পরে পুরোহিতদের আবাসস্থল পরিচালিত হতো।
নতুন মালিকপক্ষ সেখানে একটি ইসলামিক শিক্ষাকেন্দ্র ও মুসলিম ছেলেদের আবাসিক স্কুল চালুর পরিকল্পনা ঘোষণা করলে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ ‘স্যাক্সন সেজ নো’ ব্যানারে এর বিরোধিতা শুরু করেন।
মঙ্গলবার আইসলিপ টাউন জোনিং বোর্ডের এক শুনানিতে শত শত বাসিন্দা অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী ওই শুনানিতে অনেকে প্রকল্পটির বিরুদ্ধে মত দেন।
বিক্ষোভকারীদের দাবি, আবাসিক এলাকায় একটি বড় বোর্ডিং স্কুল চালু হলে যানজট, শব্দদূষণ এবং এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতে পারে। পাশাপাশি একই প্রকল্পের অংশ হিসেবে একটি শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।
অন্যদিকে প্রকল্পের আইনজীবী স্যামুয়েল এল. বিফুলকো বলেন, পুরো প্রকল্পটি আইসলিপ টাউনের জোনিং বিধিমালা অনুসরণ করেই পরিকল্পনা করা হয়েছে। তাঁর দাবি, আবাসিক স্কুলটি কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালিত হবে এবং আশপাশের এলাকার শান্ত পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে না।
বর্তমানে প্রস্তাবটি আইসলিপ টাউন জোনিং বোর্ডের পর্যালোচনাধীন রয়েছে। বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের পর প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট