নিউইয়র্কের জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধের জেরে এক কন এড কর্মীকে গুলি করে হত্যার মামলায় সাবেক নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা ভিক্টর রোমেরোর জামিন বাতিল করেছেন আদালত। হত্যাকাণ্ডের পর নিজের গাড়ি পরিষ্কার করে সম্ভাব্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তুলেছেন প্রসিকিউটররা। সোমবার আদালতে শুনানির সময় প্রসিকিউশন নতুন নজরদারি ভিডিও ও অন্যান্য তথ্য উপস্থাপন […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধের জেরে এক কন এড কর্মীকে গুলি করে হত্যার মামলায় সাবেক নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা ভিক্টর রোমেরোর জামিন বাতিল করেছেন আদালত। হত্যাকাণ্ডের পর নিজের গাড়ি পরিষ্কার করে সম্ভাব্য প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ তুলেছেন প্রসিকিউটররা।
সোমবার আদালতে শুনানির সময় প্রসিকিউশন নতুন নজরদারি ভিডিও ও অন্যান্য তথ্য উপস্থাপন করে। শুনানি শেষে ৬২ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রোমেরোকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে ১ মিলিয়ন ডলারের জামিনে মুক্ত ছিলেন রোমেরো। গত ২০ অক্টোবর রকল্যান্ড কাউন্টির বাসিন্দা ও দুই সন্তানের বাবা ৪৬ বছর বয়সী কোরান আরভাইনকে গুলি করে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনে গ্র্যান্ড জুরি। নিহত আরভাইন কন এডের একজন প্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
আদালতে ম্যানহাটনের প্রসিকিউটররা হত্যাকাণ্ডের ১৫ সেকেন্ডের একটি নজরদারি ভিডিও উপস্থাপন করেন। প্রসিকিউটর ম্যাথিউ সিয়ার্সের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে রোমেরো ও আরভাইনের গাড়ি পাশাপাশি চলতে দেখা যায়। একপর্যায়ে আরভাইন সামনে এগিয়ে গেলে রোমেরো তার গাড়িকে নিহতের গাড়ির ব্লাইন্ড স্পটে নিয়ে যান এবং গুলি চালান।
প্রসিকিউটররা আরও জানান, গুলি চালানোর পর নিজের বাড়ির কাছের একটি গ্যাস স্টেশনে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় রোমেরোকে। এ সময় তার হাতে কাপড় ও স্প্রে বোতল ছিল। যে পাশ থেকে গুলি চালানো হয়েছিল, গাড়ির সেই পাশ পরিষ্কার করতে তিনি প্রায় ছয় মিনিট সময় ব্যয় করেন। প্রায় এক ঘণ্টা পর তাকে আবারও একইভাবে গাড়ি পরিষ্কার করতে দেখা যায়।
তবে রোমেরোর আইনজীবী আদালতে দাবি করেন, গাড়ি পরিষ্কার করা তার মক্কেলের নিয়মিত অভ্যাস। নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য গাড়ি পরিষ্কার রাখতে তিনি সব সময় প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখতেন। আইনজীবী ১ মিলিয়ন ডলারের জামিন বহাল রাখার আবেদন করলেও আদালত তা নাকচ করেন।
ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারক ক্যাথরিন পেক বলেন, ‘আদালত মনে করছে, তাকে কারাগারে পাঠানো প্রয়োজন, যাতে আদালতে তার উপস্থিতি নিশ্চিত করা যায়।’
আদালতের বাইরে নিহত কোরান আরভাইনের স্বজন ও অন্তত ১০০ জন সমর্থক উপস্থিত ছিলেন। রোমেরোকে আদালত থেকে বের করে নেওয়ার সময় তারা ‘লজ্জা’, ‘কাপুরুষ’ ও ‘খুনি’ বলে চিৎকার করেন। এ সময় একজন তাকে উদ্দেশ করে বলেন, ‘আশা করি, তুমি জেলেই পচে মরবে।’
আদালতের ভেতরে উপস্থিত নিহতের স্বজন ও সমর্থকেরা জামিন বাতিলের সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেন। পরে বিচারকের নির্দেশে রোমেরোকে রাইকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়।
এ মামলায় রোমেরোর বিরুদ্ধে প্রথমে হত্যার অভিযোগ আনা হলেও পরে তা কমিয়ে ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ করা হয়েছিল। এতে নিহতের স্বজন ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ম্যানহাটনের গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ গঠন করে। ওই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাকে আদালতে হাজির করা হয় এবং জামিন বাতিলের সিদ্ধান্ত আসে।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট