নিউইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোটেক সেন্টারে অবস্থিত ৯১১ কল সেন্টারে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে কর্মীরা অফিসের আসবাবপত্র প্লাস্টিকে মুড়িয়ে রাখছেন। অনেকে কর্মস্থলে না গিয়ে বাড়ি থেকে কাজ করছেন। গত মাসে এ উপদ্রব শুরু হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) ১০ বছর ধরে সেখানে কর্মরত […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোটেক সেন্টারে অবস্থিত ৯১১ কল সেন্টারে ছারপোকার উপদ্রব দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়েছে যে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে কর্মীরা অফিসের আসবাবপত্র প্লাস্টিকে মুড়িয়ে রাখছেন। অনেকে কর্মস্থলে না গিয়ে বাড়ি থেকে কাজ করছেন।
গত মাসে এ উপদ্রব শুরু হয় বলে জানিয়েছেন কেন্দ্রটির কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) ১০ বছর ধরে সেখানে কর্মরত এক ৯১১ অপারেটর নাম প্রকাশ না করার শর্তে জানান, কল সেন্টারের মূল তলাতেই ছারপোকার সমস্যা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই শনাক্তকারী কুকুর এনে পোকাগুলোর উপস্থিতি খুঁজে দেখা হচ্ছে।
কর্মীদের ভাষ্য, ২৪ ঘণ্টা চালু থাকা এই কেন্দ্রে প্রতিদিন প্রায় ১৫০ জন কল অপারেটর ও ডিসপ্যাচার দায়িত্ব পালন করেন। এ কারণে পুরো স্থাপনায় একসঙ্গে কীটনাশক প্রয়োগ বা ফিউমিগেশন করা কঠিন হয়ে পড়েছে। এক কর্মী বলেন, এ পরিস্থিতিতে ভয় নিয়ে কাজ চালিয়ে যাওয়া তাঁদের জন্য কঠিন হয়ে উঠেছে।
তবে নগর কর্তৃপক্ষের দাবি, ছারপোকার উপদ্রব স্বল্প সময়ের জন্য দেখা দিয়েছিল এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভবনটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা এনওয়াইসি অফিস অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের মুখপাত্র রে লেজেন্ড্রে জানান, গত মাসে কর্মীরা পোকা দেখতে পাওয়ার কথা জানানোর পরপরই তাঁর দপ্তর ব্যবস্থা নেয়।
তিনি বলেন, চলমান পদক্ষেপের অংশ হিসেবে শনাক্তকারী কুকুর দিয়ে নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। ২২ অক্টোবরের পর থেকে নতুন করে এ সমস্যার পুনরাবৃত্তি ঘটেনি। নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের নির্ধারিত নিয়মও অনুসরণ করা হচ্ছে। তাঁর ভাষ্য, ছারপোকা কোনো রোগ সৃষ্টি বা ছড়ায় না।
তবে কর্মীদের সবাই কর্তৃপক্ষের এই আশ্বাসে সন্তুষ্ট নন। এক ৯১১ অপারেটরের আশঙ্কা, ছারপোকার উপদ্রব পুরোপুরি বন্ধ হয়নি। তাঁর মতে, মৌসুম পরিবর্তনের কারণে আপাতত সমস্যা কমে থাকতে পারে; বসন্তে আবারও পোকাগুলো ফিরে আসে কি না, তা তখন বোঝা যাবে।
কর্মীদের সতর্ক থাকতে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন। ফলে অনেকে নিজেদের চেয়ার পলিথিন বা আবর্জনার ব্যাগ দিয়ে মুড়িয়ে বসছেন। অফিস শেষে বাড়ি ফেরার আগে ব্যাগ, কোট ও অন্যান্য জিনিসপত্র আলাদা ব্যাগে ভরে গাড়ির ট্রাঙ্কে রাখছেন কেউ কেউ। পোকা কামড়ানোর শিকার হলে বাড়ি থেকে কাজ করছেন বলে জানিয়েছেন এক কর্মী। এ নিয়ে কয়েকজন কর্মী ছুটি বা ব্যক্তিগত ছুটিও নিচ্ছেন।
অন্যদিকে, নিউইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, অসুস্থতার কারণে কর্মীদের অনুপস্থিতি বেড়েছে—এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। শহরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবরে জরুরি কলের জবাব দেওয়ার সময়েও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।
ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেসের (ইএমএস) একটি সূত্র জানিয়েছে, প্রায় তিন লাখ বর্গফুটের পাবলিক সেফটি অ্যানসারিং সেন্টার-১-এর যে অংশে ইএমএস ও ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা কাজ করেন, সেখানে ছারপোকা ছড়িয়ে পড়েনি।
তবে ৯১১ কল সেন্টারের কর্মীরা এখনো সতর্কতা বজায় রেখেছেন। ১১ বছরের অভিজ্ঞ এক কর্মী জানান, তাঁরা ব্যক্তিগত জিনিসপত্র ব্যাগে রাখছেন এবং কর্মস্থলের জায়গাগুলো নিয়মিত পরিষ্কার করছেন। আরেক অভিজ্ঞ ডিসপ্যাচার বলেছেন, শনাক্তকারী কুকুরের পরিদর্শন বন্ধ না হওয়া পর্যন্ত তিনি আরও অন্তত এক মাস ব্যক্তিগত জিনিসপত্র মোড়ানোর সতর্কতা চালিয়ে যাবেন।