নিউইয়র্ক সিটির প্রায় ১ লাখ ৮০ হাজার ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির চালকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দুটি বিশেষ স্বাস্থ্যকেন্দ্র চালু করছে নগর কর্তৃপক্ষ। জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে স্থাপন করা হবে এসব কেন্দ্র। সেখানে চালকেরা স্বাস্থ্য পরীক্ষা, টিকা, চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যবিমায় নিবন্ধনের বিষয়ে সহায়তা পাবেন। শুক্রবার এ ঘোষণা দেন নিউইয়র্কের মেয়র […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির প্রায় ১ লাখ ৮০ হাজার ট্যাক্সি ও ভাড়ায় চালিত গাড়ির চালকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দুটি বিশেষ স্বাস্থ্যকেন্দ্র চালু করছে নগর কর্তৃপক্ষ। জন এফ কেনেডি (জেএফকে) ও লাগার্ডিয়া বিমানবন্দরে স্থাপন করা হবে এসব কেন্দ্র। সেখানে চালকেরা স্বাস্থ্য পরীক্ষা, টিকা, চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্যবিমায় নিবন্ধনের বিষয়ে সহায়তা পাবেন।
শুক্রবার এ ঘোষণা দেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আগামী সোমবার, ২৩ নভেম্বর থেকে জেএফকে বিমানবন্দরে প্রথম কেন্দ্রটির কার্যক্রম শুরু হবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা পাওয়া যাবে। এসব স্বাস্থ্যকেন্দ্র নিউইয়র্কের ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশনের (টিএলসি) লাইসেন্সধারী সব চালকের জন্য উন্মুক্ত থাকবে। এর আওতায় হলুদ ও সবুজ ক্যাবের পাশাপাশি উবার, লিফট এবং ব্ল্যাক কার চালকেরাও থাকবেন।
স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রক্তচাপ ও প্রোস্টেট পরীক্ষা, যৌনবাহিত সংক্রমণ (এসটিআই) শনাক্তকরণ পরীক্ষা এবং টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যবিমা ও এসএনএপিতে (খাদ্য সহায়তা কর্মসূচি) নিবন্ধন, পুষ্টিবিষয়ক সেবা এবং একই দিনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেতেও সহায়তা করা হবে। সেবাগুলো সপ্তাহভিত্তিক পরিবর্তিত হবে।
বিমানবন্দরের বাইরেও চালকদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল স্বাস্থ্যসেবা ভ্যান চালু করছে টিএলসি। জ্যাকসন হাইটস ও সাউথ ব্রঙ্কসসহ যেসব এলাকায় চালকদের বসবাস ও কর্মস্থল বেশি, সেসব এলাকায় ভ্যানটি সেবা দেবে।
মামদানি বলেন, জীবিকা নির্বাহ করা আর চিকিৎসকের কাছে যাওয়ার মধ্যে কাউকে একটি বেছে নিতে বাধ্য হওয়া উচিত নয়। চালকেরা যেখানে কাজ করেন, সেখানেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তাঁরা সহজে প্রতিরোধমূলক চিকিৎসা নিতে পারেন এবং সুস্থ থাকতে পারেন।
নগর কর্তৃপক্ষের মতে, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারণে অনেক চালকের পক্ষে চিকিৎসকের কাছে যাওয়ার সময় বের করা কঠিন। চিকিৎসকের কাছে গেলে আয় বন্ধ থাকে। আবার অনেক চালকের স্বাস্থ্যবিমাও নেই। ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো রোগ সময়মতো শনাক্ত বা চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের প্রধান ভৈরবী দেশাই বলেন, গত গ্রীষ্মে কর্মরত অবস্থায় নিউইয়র্কের চারজন ট্যাক্সিচালকের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, তীব্র আর্থিক চাপের কারণে তাঁরা অতিরিক্ত কাজ করতে বাধ্য হয়েছিলেন। তাঁদের সবারই দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা ছিল, কিন্তু চিকিৎসার জন্য বিনা বেতনে ছুটি নেওয়ার সামর্থ্য ছিল না।
দেশাইয়ের ভাষায়, চালকদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, বেতনসহ ছুটি এবং মর্যাদার সঙ্গে অবসরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে তাঁদের ইউনিয়নের যে প্রচারাভিযান চলছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো তার প্রথম পদক্ষেপ। তবে এসব কেন্দ্র চালু হলেও এখনই চালকদের জন্য নতুন কোনো স্বাস্থ্যবিমা পরিকল্পনা চালু হচ্ছে না। চালকদের জন্য একটি স্বাস্থ্য তহবিল গঠনের প্রস্তাব নিয়ে ইউনিয়ন কাজ করছে। সেটি বাস্তবায়নে সিটি কাউন্সিল ও অঙ্গরাজ্যের আইনসভার অনুমোদন প্রয়োজন হবে।
সিটি কাউন্সিলের স্বাস্থ্যবিষয়ক কমিটির চেয়ারম্যান কাউন্সিল সদস্য লিন শুলম্যান উদ্যোগটিকে দীর্ঘদিনের প্রত্যাশিত পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, একজন ট্যাক্সিচালকের মেয়ে হিসেবে তিনি জানেন, দীর্ঘ সময় গাড়ির পেছনে কাটানো চালকেরা প্রায়ই নিজেদের স্বাস্থ্যের প্রয়োজনকে উপেক্ষা করেন।
ট্যাক্সিচালকদের স্বাস্থ্য ও জীবিকার বিষয়টি মামদানির জন্য নতুন নয়। মেয়র নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই তিনি চালকদের আন্দোলনে যুক্ত ছিলেন। ২০২১ সালের অক্টোবরে অ্যাস্টোরিয়ার তৎকালীন অ্যাসেম্বলিম্যান হিসেবে তিনি সিটি হলের সামনে ট্যাক্সিচালকদের অনশন কর্মসূচিতে যোগ দেন।
তখন মেডেলিয়ন ঋণের চাপে চালকেরা বিপর্যস্ত ছিলেন। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, তাঁদের গড় ঋণের পরিমাণ ছিল পাঁচ লাখ ডলারের বেশি। এই ঋণসংকটের সঙ্গে কয়েকজন চালকের আত্মহত্যার ঘটনাও জড়িয়ে পড়েছিল। আন্দোলনের একপর্যায়ে আইন অমান্য কর্মসূচিতে অংশ নিয়ে মামদানি গ্রেপ্তারও হন।
টানা ১৫ দিনের অনশনের পর চালকেরা ঋণসংকট মোকাবিলায় নগর প্রশাসনের কাছ থেকে সহায়তার প্রতিশ্রুতি পান। তৎকালীন মেয়র বিল ডি ব্লাজিওর প্রশাসন শহরের নিশ্চয়তায় চালকদের মেডেলিয়ন ঋণের সর্বোচ্চ সীমা ১ লাখ ৭০ হাজার ডলারে নির্ধারণে সম্মত হয়। মাসিক কিস্তি রাখার কথা হয় প্রায় ১ হাজার ১২২ ডলার।
অনশনে মামদানির সঙ্গে থাকা চালকদের একজন ছিলেন রিচার্ড চাও। মেডেলিয়ন ঋণসংকটের সময় তাঁর ভাই কেনি আত্মহত্যা করেছিলেন। গত বছর মেয়র নির্বাচনে জয়ের পর বিজয় ভাষণে মামদানি রিচার্ড চাওয়ের নাম উল্লেখ করে তাঁকে স্মরণ করেন।
নির্বাচনী প্রচারের সময়ও চালকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন মামদানি। ভোটের কয়েক দিন আগে এক রাতে লাগার্ডিয়া বিমানবন্দরে চালকদের সারিতে গিয়ে রাতের শিফটে কর্মরত চালকদের সঙ্গে কথা বলেন তিনি।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিএলসির নেতৃত্বে মিডোরি ভালদিভিয়াকে নিয়োগ দেন মামদানি। এবার সেই কমিশনের উদ্যোগেই বিমানবন্দরগুলোতে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
তথ্যসূত্র: নোটিস নিউজ, নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয়, এনবিসি নিউজ