নিউইয়র্ক সিটির ওপর আর্থিক চাপ কমাতে ধনীদের ওপর আয়কর বাড়ানোর অনুমতি দিতে রাজ্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের মেয়র জোহারান মামদানি। আলবানিতে অনুষ্ঠিত বার্ষিক ‘টিন কাপ ডে’ বাজেট শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, ধনীদের কাছ থেকে ন্যায্য কর আদায়ের মাধ্যমেই সিটির “অর্থের রক্তক্ষরণ” বন্ধ করা সম্ভব। এই শুনানিতে রাজ্যের বিভিন্ন এলাকার স্থানীয় কর্মকর্তারা আইনপ্রণেতাদের কাছে […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ওপর আর্থিক চাপ কমাতে ধনীদের ওপর আয়কর বাড়ানোর অনুমতি দিতে রাজ্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শহরের মেয়র জোহারান মামদানি। আলবানিতে অনুষ্ঠিত বার্ষিক ‘টিন কাপ ডে’ বাজেট শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, ধনীদের কাছ থেকে ন্যায্য কর আদায়ের মাধ্যমেই সিটির “অর্থের রক্তক্ষরণ” বন্ধ করা সম্ভব।
এই শুনানিতে রাজ্যের বিভিন্ন এলাকার স্থানীয় কর্মকর্তারা আইনপ্রণেতাদের কাছে আর্থিক ও নীতিগত সহায়তার দাবি জানান। একই সঙ্গে আইনপ্রণেতারাও নগর প্রশাসনের নানা ইস্যুতে মেয়রকে প্রশ্ন করেন। সেখানে মামদানি বলেন, নিউইয়র্ক সিটি বর্তমানে বহু বিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মুখে রয়েছে, যা শহরের স্বাভাবিক সেবা কার্যক্রমকে হুমকির মধ্যে ফেলছে।
ডেমোক্র্যাটিক সোশালিস্ট হিসেবে পরিচিত মামদানি গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে রাজনৈতিক জোটে থাকলেও কর বৃদ্ধির প্রশ্নে তিনি দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। আইনপ্রণেতারা মনে করছেন, চলমান রাজ্য বাজেট প্রক্রিয়ায় এই ইস্যুতে মামদানি ও তার মিত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বক্তব্যে মামদানি সাবেক মেয়র এরিক অ্যাডামসকে বাজেট সংকটের জন্য দায়ী করেন। পাশাপাশি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটিকে রাজ্যের “ব্যবহারযোগ্য সম্পদ” হিসেবে দেখা হয়েছে, যার ফলে শহরের আর্থিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে।
তিনি বলেন, “নিউইয়র্ক সিটি এখনো একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে। এখান থেকে বের হওয়ার সবচেয়ে দায়িত্বশীল পথ হলো নির্দিষ্ট ও পুনরাবৃত্ত রাজস্ব নিশ্চিত করা, যাতে নাগরিকরা প্রাপ্য সেবা থেকে বঞ্চিত না হন। রাজ্যের সঙ্গে আর্থিক ভারসাম্যহীন সম্পর্কের কারণে সিটির সম্পদ ক্রমাগত নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা এই পরিস্থিতির অবসান চাই।”
অন্যদিকে গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের আয়কর বাড়ানোর পক্ষে নন বলে জানিয়েছেন। তবে তিনি নিউইয়র্ক সিটিতে শিশু যত্ন কর্মসূচি সম্প্রসারণে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন। হোকুল বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে মেয়রের প্রাথমিক বাজেট উপস্থাপনের আগে রাজ্যের কর্মকর্তারা সিটির বাজেট ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন।
গভর্নরের ভাষ্য, “শহরের বাজেটকে সঠিক অবস্থানে এনে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
এদিকে রিপাবলিকান দল ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে গভর্নর হোকুল ও মেয়র মামদানির কঠোর সমালোচনা করেছে। তবে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত স্টেট অ্যাসেম্বলি ও সিনেট জানিয়েছে, আগামী ৩১ মার্চের মধ্যে পাস হওয়ার কথা থাকা রাজ্য বাজেটের অংশ হিসেবে কর বৃদ্ধির প্রস্তাবটি তারা বিবেচনায় রাখবে।