সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১২:৪২ পিএম, ১১ এপ্রিল ২০২৬

নিউইয়র্কে ভুয়া আইনজীবীদের ফাঁদ, ফেসবুক-হোয়াটসঅ্যাপ থেকে হাতিয়ে নিচ্ছে ‘হাজার হাজার ডলার’

নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া আইনজীবীদের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছেন। তার মতে, ইমিগ্রেশন সেবা দেওয়ার নামে কিছু প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। শুক্রবার দেওয়া এক ঘোষণায় ব্র্যাগ জানান, মেটার প্ল্যাটফর্ম—বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে—এই প্রতারকরা নিজেদের Pro Bono বা বিনামূল্যের আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠানের […]

নিউইয়র্কে ভুয়া আইনজীবীদের ফাঁদ, ফেসবুক-হোয়াটসঅ্যাপ থেকে হাতিয়ে নিচ্ছে ‘হাজার হাজার ডলার’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের ভুয়া আইনজীবীদের প্রতারণা থেকে সতর্ক থাকতে বলেছেন। তার মতে, ইমিগ্রেশন সেবা দেওয়ার নামে কিছু প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।

শুক্রবার দেওয়া এক ঘোষণায় ব্র্যাগ জানান, মেটার প্ল্যাটফর্ম—বিশেষ করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে—এই প্রতারকরা নিজেদের Pro Bono বা বিনামূল্যের আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠানের আইনজীবী হিসেবে পরিচয় দিচ্ছে। পরে তারা ইমিগ্রেশন-সংক্রান্ত সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করছে। ইতোমধ্যে এভাবে “দশ হাজার ডলারের বেশি” অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

ডিএ অফিসের তথ্য অনুযায়ী, প্রতারকরা প্রথমে ভুক্তভোগীদের ওপর চাপ সৃষ্টি করে আগাম ফি দিতে বাধ্য করে। তারা এমনও দাবি করে যে সব আদালত কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন হবে এবং মামলার নিষ্পত্তি দ্রুত হবে। অথচ ইমিগ্রেশন প্রক্রিয়া সাধারণত দীর্ঘ ও জটিল।

অ্যালভিন ব্র্যাগ বলেন, নিউইয়র্কে ক্রমেই বেশি মানুষ মেটার প্ল্যাটফর্মে এ ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। তিনি বলেন, ব্যবহারকারীদের সুরক্ষায় মেটার সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ডিএ অফিস সচেতনতামূলক অভিযান শুরু করেছে। একই সঙ্গে মেটাকে পাঠানো চিঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আলাদা রিপোর্ট করার সুযোগ, তদন্ত চলাকালে সন্দেহজনক অ্যাকাউন্ট স্থগিত করা এবং ব্যবহারকারীর প্রকৃত অবস্থান যাচাইয়ের মতো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু বাস্তব অফিস থাকা আইনজীবী বা প্রতিষ্ঠানের সঙ্গেই যোগাযোগ করতে। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাচাই করে নিশ্চিত হতে বলা হয়েছে, ব্যক্তি সত্যিই সেখানে কাজ করেন কি না এবং তিনি নিউইয়র্কে আইনজীবী হিসেবে নিবন্ধিত কি না।

অপরিচিত কাউকে অর্থ দেওয়ার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ