নিউইয়র্ক সিটির ২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১২৫ বিলিয়ন ডলারের বাজেট নিয়ে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছেন মেয়র জোহরান মামদানী ও সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন। বাজেট পাসের নির্ধারিত সময়সীমা ১ জুলাইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে উভয় পক্ষের মধ্যে এই মৌখিক চুক্তি সম্পন্ন হয়। তবে দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর চূড়ান্ত বাজেটে নিউইয়র্ক পুলিশ বিভাগের জনবল […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির ২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১২৫ বিলিয়ন ডলারের বাজেট নিয়ে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছেন মেয়র জোহরান মামদানী ও সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন। বাজেট পাসের নির্ধারিত সময়সীমা ১ জুলাইয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে উভয় পক্ষের মধ্যে এই মৌখিক চুক্তি সম্পন্ন হয়। তবে দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক টানাপোড়েনের পর চূড়ান্ত বাজেটে নিউইয়র্ক পুলিশ বিভাগের জনবল বাড়ানোর প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।
বাজেট আলোচনার সবচেয়ে বড় বিতর্ক ছিল আবাসন সহায়তা ও পুলিশ বিভাগের জনবল বৃদ্ধি নিয়ে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আবাসন ভাউচার কর্মসূচির তহবিল বাড়ানোর বিষয়ে মেয়রের অবস্থান পরিবর্তনের কারণে আলোচনা একপর্যায়ে অচলাবস্থার মুখে পড়ে। পরে উচ্ছেদ ও গৃহহীনতার ঝুঁকিতে থাকা বাসিন্দাদের জন্য নতুন ভাড়া সহায়তা কর্মসূচি চালুর বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়। একই সঙ্গে নতুন আইন কার্যকর হলে সাবেক মেয়র এরিক অ্যাডামস প্রশাসনের সময় শুরু হওয়া একটি আইনি আপিল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় বর্তমান প্রশাসন।
চূড়ান্ত বাজেটের আকার প্রায় ১২৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের নির্বাহী বাজেটের কাছাকাছিই রয়েছে। এতে কাউন্সিল সদস্যদের বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত কিছু বরাদ্দ যুক্ত করা হয়েছে। তবে পুলিশ বিভাগে নতুন সদস্য নিয়োগের পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
এর আগে মেয়র মামদানী পুলিশ বিভাগে ৫৮০ জন নতুন কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে বামপন্থী সংগঠন ও অধিকারকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকাসহ প্রায় ৫০ জন নির্বাচিত প্রতিনিধি ও আন্দোলনকারী সিটি হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি ছিল, অতিরিক্ত অর্থ পুলিশে ব্যয় না করে শিক্ষা, আবাসন ও সামাজিক সেবাখাতে বরাদ্দ বাড়ানো উচিত।
সিটি কাউন্সিলের নেতৃত্ব প্রথমদিকে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা ৩৩ হাজার ৮৬১ থেকে বাড়িয়ে ৩৫ হাজার ৩৭০ করার পক্ষে ছিল এবং মেয়রের নির্বাহী বাজেটেও সেই পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। তবে শেষ পর্যন্ত রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে প্রশাসন সেই অবস্থান থেকে সরে আসে। ফলে নিউইয়র্ক পুলিশ বিভাগের জনবল বর্তমান পর্যায়েই বহাল থাকবে।
বাজেটে সবচেয়ে বড় বরাদ্দ পাচ্ছে শিক্ষা বিভাগ। এই খাতে প্রায় ৩৭ দশমিক ৯ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, যা সিটির মোট বাজেটের সবচেয়ে বড় অংশ।
ক্ষমতা গ্রহণের পর থেকেই মেয়র মামদানী নিউইয়র্ক সিটির সম্ভাব্য বাজেট ঘাটতি নিয়ে সতর্ক করে আসছিলেন। শুরুতে এই ঘাটতির পরিমাণ ১২ বিলিয়ন ডলার বলা হলেও পরে তা কমে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারে নেমে আসে। এই ঘাটতি মোকাবিলায় তিনি ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপ এবং সম্পত্তি কর বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন।
শেষ পর্যন্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য সরকারের আর্থিক সহায়তা এবং বিলাসবহুল দ্বিতীয় বাড়ির ওপর বিশেষ কর আরোপের সুযোগ তৈরি হওয়ায় বাজেট সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন মেয়র হিসেবে মামদানীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা ছিল এবং এই বাজেট চুক্তি তার প্রশাসনের প্রথম বড় সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে।
সূত্র: গেটি ইমেজেস