নিউইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে ছড়িয়ে পড়া লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলমান এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট ৮২ জন লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে ছড়িয়ে পড়া লিজিওনেয়ার্স রোগের প্রাদুর্ভাবে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলমান এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট ৮২ জন লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তদন্তে আপার ইস্ট সাইডের ৩৩টি ভবনের মোট ৩৪টি কুলিং টাওয়ারে জীবিত লিজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে। কালচার পরীক্ষার মাধ্যমে ব্যাকটেরিয়াগুলোর অস্তিত্ব শনাক্ত করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যেসব কুলিং টাওয়ারে ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেগুলো ইতোমধ্যে সম্পূর্ণ পরিষ্কার, জীবাণুমুক্ত এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, আপার ইস্ট সাইডে লিজিওনেয়ার্স রোগের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ শুরু থেকেই দ্রুত ও জোরালো পদক্ষেপ নিয়েছে।
তিনি জানান, মাত্র দুটি সংক্রমণ শনাক্ত হওয়ার পরই তদন্ত শুরু করা হয়। প্রাথমিক পরীক্ষায় যেসব ভবনের কুলিং টাওয়ারে ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে, সেগুলোকে অবিলম্বে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
ডা. মার্টিন বলেন, “এই দ্রুত পদক্ষেপ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।”
লিজিওনেয়ার্স রোগ মূলত লিজিওনেলা ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। দূষিত কুলিং টাওয়ার, এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বা জলীয় বাষ্পের মাধ্যমে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। তবে এটি একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের মধ্যে সরাসরি ছড়ায় না।
স্বাস্থ্য বিভাগ আপার ইস্ট সাইডের বাসিন্দাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।