যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক যুবকের হামলায় গুরুতর আহত হওয়ার কয়েক সপ্তাহ পর ৬২ বছর বয়সী মিং ঝাং হি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১২ জুন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ব্রঙ্কসের কনকোর্স এলাকার ইস্ট মাউন্ট ইডেন অ্যাভিনিউয়ের কাছে ওয়ালটন […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক যুবকের হামলায় গুরুতর আহত হওয়ার কয়েক সপ্তাহ পর ৬২ বছর বয়সী মিং ঝাং হি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ১২ জুন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে ব্রঙ্কসের কনকোর্স এলাকার ইস্ট মাউন্ট ইডেন অ্যাভিনিউয়ের কাছে ওয়ালটন অ্যাভিনিউয়ের একটি ভবনের সামনে ঘটনাটি ঘটে। সেখানে ২৭ বছর বয়সী কার্লোস ভ্যালেন্টিনের সঙ্গে মিং ঝাং হির কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় কার্লোস ভ্যালেন্টিন তাকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পুলিশ জানিয়েছে, হামলাকারী এবং ভুক্তভোগীর মধ্যে পূর্বপরিচয় ছিল না। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মিং ঝাং হিকে দ্রুত লিংকন মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তিনি দীর্ঘ সময় সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
ঘটনার পরপরই অভিযুক্ত কার্লোস ভ্যালেন্টিনকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিকভাবে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। তবে আহত ব্যক্তির মৃত্যুর পর নিউইয়র্ক পুলিশ বিভাগ এবং ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় অভিযোগের ধারা পরিবর্তন করে আরও গুরুতর অভিযোগ যুক্ত করার বিষয়টি পর্যালোচনা করছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কী কারণে ওই বিরোধের সূত্রপাত হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।